এটিইওর ১১টি পদের নয়টিই শূন্য
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তার (এটিইও) ১১টি পদের মধ্যে নয়টিই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে উপজেলার দুই শতাধিক বিদ্যালয় পরিদর্শন ও তদারকির কাজ ব্যাহত হচ্ছে।উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ১৪৪টি সরকারি ও ৭৭টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয় নিয়মিতভাবে পরিদর্শন ও তদারকির জন্য ১১ জন সহকারী শিক্ষা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ১১টি পদের মধ্যে বর্তমানে মাত্র দুজন এটিইও কর্মরত আছেন। এর মধ্যে হাবিবুর রহমান নামের একজন এটিইও মে মাসের মাঝামাঝি সময়ে যোগ দেন। আর বাকি নয়টি পদ এক বছরেরও বেশি সময় ধরে শূন্য রয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও স্থানীয় ইব্রাহিমপুর সরকারি (উত্তর) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত এটিইও না থাকায় উপজেলার এতগুলো বিদ্যালয় নিয়মিত পরিদর্শন ও তদারকির পাশাপাশি প্রশাসনিক কাজ ও সাব ক্লাস্টার ট্রেনিংয়ে মারাত্মক অসুবিধা হচ্ছে।সম্প্রতি যোগ দেওয়া এটিইও হাবিবুর রহমান বলেন, ‘১১টির মধ্যে ছয়টি ক্লাস্টারের শতাধিক বিদ্যালয় আমাকে পরিদর্শন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু উপজেলার নাজুক যোগাযোগব্যবস্থায় কীভাবে এতগুলো বিদ্যালয় পরিদর্শন করব, তা ভেবে পাচ্ছি না।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) খাজা মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, নতুন নিয়োগ প্রক্রিয়াধীন আছে। শিগগির এ সমস্যার সমাধান হয়ে যাবে।