এটিএন চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করার অভিযোগে ঢাকা ও কুমিল্লায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে পৃথক মানহানির মামলা হয়েছে।গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মহানগর যুবলীগের নেতা এমদাদুল হক বাদী হয়ে এ মামলা করেন। মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করেন। তবে গতকাল এ বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। আজ বৃহস্পতিবার আদেশ দেওয়া হতে পারে।মামলায় অভিযোগ করা হয়, মাহফুজুর রহমান গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাচাল’ আখ্যায়িত করে বক্তব্য দেন। ২৫ জুন একুশে টিভিসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে তা প্রচার করা হয়। প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের বক্তব্য শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের শামিল। এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকার ও আওয়ামী লীগের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই যুবলীগের একজন কর্মী হিসেবে তাঁরও সম্মান হানি ঘটেছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদী হয়ে আদালতে মামলা করেন। কুমিল্লার আমলি-১ আদালতের জ্যেষ্ঠ বিচারক হাকিম কাউসার মোশাররফ ঘটনার তদন্ত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। আগামী ৬ আগস্ট এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।