এটিএন বাংলার ক্যামেরাম্যান খুনের ঘটনায় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম ওরফে মিঠুর (৪০) খুনের ঘটনায় জড়িত সন্দেহে গত রোববার রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালেহ মো. আনছার উদ্দীন প্রথম আলোকে জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা ঢাকার বিভিন্ন জায়গায় ব্যক্তিগত গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাত্রী ওঠায়। পরে সুযোগমতো তাদের জিনিসপত্র নিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। এ রকম চক্রের কোনো দলের হাতে শফিক খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাই তাদের সহযোগীদের দেওয়া তথ্য মতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গত রোববার সকালে তুরাগ থানাধীন রোস্তমপুর বেড়িবাঁধ সড়কের পাশের ঢাল থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাঁর শরীরে মারধরের চিহ্নও রয়েছে।নিন্দা ও প্রতিবাদ: শফিক হত্যার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে এটিএন বাংলা আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এদিকে লিখিত বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবল আলম হানিফ। তিনি খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন।সংবাদকর্মী খুন হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটির সভাপতি শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য এক বিবৃতিতে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খালেদা জিয়ার শোক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল এক বিবৃতিতে মিঠুর হত্যাকারীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।