২৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচির আগেই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিষয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। তাঁরা ২৪ জুন আবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। যশোরে সাংবাদিক জামালউদ্দিন হত্যার প্রতিবাদে এবং সাগর-রুনি হত্যার বিষয়ে এটিএন বাংলার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে সাংবাদিকদের দুটি ইউনিয়নের চারটি অংশ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি।বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে হবে। রুনি সম্পর্কে তিনি যে মানহানিকর বক্তব্য দিয়েছেন, তা প্রমাণ করতে হবে। নইলে আইনের আওতায় তাঁকে শাস্তি পেতে হবে।গত ৩০ মে লন্ডনে মাহফুজুর রহমান বলেছিলেন, সাগর-রুনি পরকীয়ার বলি। বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার না হলে সাংবাদিকদের কোনো নিরাপত্তা থাকবে না।বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘মনে হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিকদের সঙ্গে নেই। বিএফইউজের আরেক অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, সরকার কোনো সাংবাদিক হত্যার বিচার করতে পারেনি। মানববন্ধনে সাংবাদিক নেতাদের মধ্যে ওমর ফারুক, আবদুস শহীদ, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আলম খান, বাকের হোসাইন, শাবান মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।