সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার বিষয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বক্তব্য নিয়েছে র্যাব। গতকাল বৃহস্পতিবার র্যাবের তদন্ত দল এটিএন বাংলা কার্যালয়ে গিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবস্থান করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে।নিহত মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন। গত ৩০ মে লন্ডনে এক সংবাদ সম্মেলনে ‘সাগর-রুনি পরকীয়ার বলি’ বলে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের দেওয়া বক্তব্য নিয়ে বিতর্ক ওঠে। সাংবাদিকদের সংগঠনগুলো মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে এই হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানায়।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মামলাটির তদন্তকারী সংস্থা র্যাবের তদন্ত শাখার পরিচালক রওশন আরা, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল, মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার জাফরউল্লাহসহ একটি দল এটিএন বাংলার কারওয়ান বাজারের কার্যালয়ে আসেন। তাঁরা প্রায় এক ঘণ্টা ধরে মাহফুজুর রহমানের বক্তব্য নেন। র্যাব সূত্র জানায়, মাহফুজুর রহমানের কাছে সম্প্রতি লন্ডনে দেওয়া তাঁর বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় মাহফুজুর রহমান তাঁর বক্তব্যের সপক্ষে বিভিন্ন যুক্তি দেন। তিনি দাবি করেন, তাঁর বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে র্যাব কর্মকর্তারা কয়েকটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেন। এর মধ্যে নিহত দম্পতির ছেলে মাহির সরোয়ার মেঘের প্রথম সাক্ষাৎকারের ফুটেজটিও রয়েছে।এরপর এটিএন বাংলার বার্তা বিভাগে মেহেরুন রুনির ব্যবহূত জিনিসপত্র, কম্পিউটার ঘেঁটে দেখেন র্যাব কর্মকর্তারা। তাঁরা মেহেরুন রুনির করা সব ‘অ্যাসাইনমেন্টের’ তালিকা সংগ্রহ করেন। সব শেষে এটিএন বাংলার বার্তা বিভাগের প্রধান জ ই মামুনের কক্ষে বসে রুনির সহকর্মীদের সঙ্গে কথা বলেন। বেলা সোয়া দুইটায় র্যাব কর্মকর্তারা এটিএন কার্যালয় থেকে বের হন।তার আগে এটিএন বাংলার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম সোহায়েল। তিনি বলেন, ‘এটিএন বাংলার চেয়ারম্যানসহ অন্যদের সঙ্গেও কথা বলেছি। চেয়ারম্যানের সঙ্গে অতি সম্প্রতি তাঁর দেওয়া বক্তব্য সম্পর্কে কথা হয়েছে। তিনি কিছু তথ্য দিয়েছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্মকর্তারাও কিছু তথ্য দিয়েছেন।’ তিনি বলেন, সম্প্রতি একটি ভিডিও নিয়ে আলোচনা উঠেছে। ওই ভিডিও ফুটেজটি সংগ্রহ করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা বলেন, তদন্তে র্যাব একাধিকবার ঘটনাস্থল সাগর-রুনির রাজাবাজারের ফ্ল্যাটে গিয়েছে। সাগরের কর্মস্থল মাছরাঙা টেলিভিশনে গিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রুনির কর্মস্থল এটিএন বাংলায় গিয়েছিল র্যাব। এ বিষয়ে মাহফুজুর রহমান গতকাল তাঁর মালিকানাধীন এটিএন বাংলা ও এটিএন নিউজে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘২৯ তারিখ রাতে বাংলাদেশে ষড়যন্ত্র করে ফাঁদ পাতে। ঠিক সেই টার্গেট নিয়ে সেই সব জঘন্য প্রশ্ন আমার কাছে করে লন্ডনে। যার জবাবে আমি কিছুটা উত্তেজিত হয়ে সেই সব প্রশ্নের জবাব দিয়েছিলাম। আমার কথায় কোনো সাংবাদিক ভাই দুঃখ পেয়ে থাকলে আমি ব্যক্তিগতভাবে দুঃখিত।’গত ১১ ফেব্রুয়ারি নিজ বাসা থেকে সাগর ও রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের ধরতে পুলিশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। কিন্তু চার মাসেও কেউ গ্রেপ্তার হয়নি।