বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক (পরিকল্পনা) অশোক চৌধুরী ও প্রধান প্রতিবেদক (পরিকল্পনা) রাহুল রাহাকে চাকরিচ্যুত করা হয়েছে।চাকরিচ্যুতির পর এই দুই সাংবাদিককে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে এটিএন বাংলায় খবর প্রচার করায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।গতকাল শুক্রবার ডিআরইউর এক বিবৃতিতে বলা হয়, কর্মস্থল পরিবর্তনের বিষয়ে পদ্ধতিগত ভুল থাকতে পারে। তাই বলে সাংবাদিকদের নামে দুর্নীতির কালিমা লেপন করার অধিকার কর্তৃপক্ষের নেই।এদিকে ল রিপোর্টার্স ফোরাম তাদের সংগঠনের সদস্য অশোক চৌধুরী সম্পর্কে ১১ নভেম্বর এটিএন বাংলায় প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে। ফোরামের নেতারা বলেন, কর্মস্থল পরিবর্তনের সিদ্ধান্তের কারণে অপপ্রচারের মাধ্যমে কারও দীর্ঘদিনের অর্জিত সুনামের ওপর কালিমা লেপন করার অধিকার কারও নেই।এটিএন বাংলার বক্তব্য: যোগাযোগ করা হলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রথম আলোকে জানিয়েছে, প্রচারিত খবরে তাঁদের দুর্নীতিবাজ বলা হয়নি। খবরে প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার কথা বলা হয়েছে।কর্তৃপক্ষ জানায়, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান গত ২৮ অক্টোবর বিদেশে যাওয়ার আগে ওই দুজন সাংবাদিক আরেকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল থেকে তাঁদের চাকরির প্রস্তাব পাওয়ার কথা তাঁকে জানান। চেয়ারম্যান দেশে ফেরার পর এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন। ১০ নভেম্বর ওই দুই সাংবাদিক শৃঙ্খলা ও চাকরির শর্ত ভঙ্গ করে অন্য একটি প্রতিষ্ঠানে যোগ দেন এবং ১১ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন।এ প্রসঙ্গে রাহুল রাহা বলেন, তাঁরা পদত্যাগের আগে বৈশাখী টেলিভিশনে যোগ দেননি। পদত্যাগের ক্ষেত্রে অনিয়ম হলে এটিএন কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিতে পারত। কিন্তু গত বৃহস্পতিবার তাঁদের সামাজিকভাবে হেয় করে খবর প্রচার করা হয়েছে, এটা দুঃখজনক।