এটিএম কার্ড ছিনিয়ে টাকা উত্তোলন আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রবাসীর এটিএম কার্ড ছিনিয়ে স্থানীয় ব্র্যাক ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন সেটও ছিনিয়ে নেওয়া হয়।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকা সন্দেহে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের এক নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার চিরায়ু গ্রামের দুবাইপ্রবাসী মো. জাকির হোসেন তালুকদার সম্প্রতি দেশে ফেরেন। ২৬ মার্চ হাজীগঞ্জ পশ্চিম বাজার ব্র্যাক ব্যাংকের বুথ থেকে ১০ হাজার টাকা তোলেন তিনি। বুথ থেকে বের হওয়ার পরপরই অজ্ঞাতনামা চারজন যুবক তাঁকে স্থানীয় পপুলার হাসপাতালের পেছনে নিয়ে আটকে মারধর করেন। এ সময় তাঁর কাছ থেকে ওই ১০ হাজার টাকা, একটি দামি মুঠোফোন সেট ও এটিএম কার্ড ছিনিয়ে নেন। তাঁকে দুজন আটকে রেখে বাকি দুজন দুই ঘণ্টার ব্যবধানে ওই এটিএম বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে নেন। জাকির দুবাইপ্রবাসী। বর্তমানে তিনি কুমিল্লায় আছেন।
সূত্র আরও জানায়, ওই ঘটনায় জাকির হোসেন অজ্ঞাতনামা চার যুবককে আসামি করে হাজীগঞ্জ থানায় ওই দিনই মামলা করেন।