এটিএম কার্ড জালিয়াতি: এক ব্যবসায়ী রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির মামলায় গ্রেপ্তার হোটেল কমফোর্ট ইনের মালিক আবুল হাসনাতকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রফিকুল ইসলাম আজ আবুল হাসনাতকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি।
রাজধানীর গুলশান থানাধীন সিটি ব্যাংক লিমিটেড থেকে এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে তিন কোটি ২২ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আবুল হাসনাতকে আসামি করে পুলিশ এ মামলা করে।