এটিএম কার্ড জালিয়াতি: চারজনের রিমান্ড মঞ্জুর
ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশি নাগরিক ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এই আদেশ দেন। এর আগেও তাঁদের ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
আজ এই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক সোহরাব মিয়া আসামিদের আট দিনের করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন: জার্মানির নাগরিক পিওতর সিজোফেন, সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা মকসেদ আলম, রেজাউল করিম ও রেফাজ আহমেদ।
এই আসামিদের গত ২৩ ফেব্রুয়ারি প্রথম দফায় ছয় দিনের করে রিমান্ডে নেওয়া হয়। ছয় দিনের রিমান্ড শেষে আজ আসামিদের আদালতে হাজির করে নতুন করে রিমান্ড আবেদন করা হয়। গত ২২ ফেব্রুয়ারি তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি, ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশীর চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে ব্যাংকে অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। কার্ড জালিয়াতির ঘটনায় ইউসিবিএল ১২ ফেব্রুয়ারি বনানী থানায় এবং সিটি ব্যাংক ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানায় মামলা করে। মামলা দুটি তদন্ত করছে ডিবি।