এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুন

টিকিট ঘরে রেলকর্মী হতার এক দিন পর গতকাল রোববার ভোরে রাজধানীর মোহাম্মদপুরে একটি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। তবে বুথ থেকে কোনো কিছু খোয়া যায়নি।
নিহত এনামুল হোসেন (২০) বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ‘এলিট ফোর্স’-এর কর্মী। মোহাম্মদপুরের নূরজাহান রোডে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে এক বছর ধরে তিনি দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, গতকাল ভোরে নূরজাহান রোডের বুথের সামনে এনামুলের লাশ পাওয়া যায়। তাঁর মাথায় ধারালো ও ভারী কোনো কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।
এলিট ফোর্সের পরিচালক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে একজন পত্রিকা বিক্রেতা এনামুলকে এ অবস্থায় পড়ে থাকতে দেখে পাশের আরেকটি বুথে খবর দেন। সেখান থেকে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, বুথের ভেতরে থাকা সিসি ক্যামেরায় ভোর পাঁচটা ১৩ মিনিট পর্যন্ত তাঁকে বুথের বাইরে দাঁড়ানো অবস্থায় দেখা গেছে। তবে এর পরের দৃশ্যগুলো খুব অস্পষ্ট হওয়ায় বোঝা যাচ্ছে না। নিরাপত্তা প্রতিষ্ঠানটির আঞ্চলিক কমান্ডার জাবেদ চৌধুরী বলেন, ভোর পাঁচটা ২০ মিনিটে তিনি এই হত্যাকাণ্ডের খবর পান। এর কিছুক্ষণ আগেই ওই বুথে নিয়মিত টহল দিয়ে গেছে এলিট ফোর্সের টহল বাহিনী। তখন সবকিছু ঠিক ছিল।
মোহাম্মদপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন বলেন, প্রতি রাতে ওই বুথে দুজন দায়িত্ব পালন করেন। একজন বুথের ভেতরে আর একজন বাইরে থাকেন। গতকাল রাত তিনটা পর্যন্ত এনামুল ভেতরে ছিলেন আর এরশাদ নামে আরেক নিরাপত্তাকর্মী বাইরে ছিলেন। তিনটার পরে এনামুল বাইরে দায়িত্ব পালন শুরু করেন। এরশাদ ভেতরে গেলে বাইরে থেকে তালা দিয়ে চাবি নিজের কাছে রেখেছিলেন এনামুল।
পুলিশ জানায়, ভেতরে থাকা এরশাদ পুলিশকে বলেছেন, একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর বুথের সামনে লোকজনের হাঁকডাকে ঘুম ভাঙে। কিন্তু তালা মারা থাকায় তিনি বের হতে পারছিলেন না। পরে পুলিশ গিয়ে এনামুলের পকেট থেকে চাবি নিয়ে এরশাদকে বের করে আনেন।
পরিদর্শক মতিন বলেন, বুথে ডাকাতি বা টাকা লুটের জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়নি। ব্যক্তিগত কারণ বা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
নিহত এনামুলের বাবার নাম আবদুর রশিদ। মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে বাবা-মায়ের সঙ্গে তিনি থাকতেন।