এটিও একটি সরকারি কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী স্টেশন থেকে পূর্ব দিকে বৌদ্ধমন্দির সড়কে ঢুকতেই ডান দিকে জরাজীর্ণ একটি বেড়ার ঘর, ওপরে টিনের চাল। প্রায় ১০৩ বছর আগে তৈরি এই ঘরের একটি কক্ষে সাপখোপের বসতি। ঘরের পেছনে এঁদো ডোবা। সামান্য বৃষ্টিতেই ডোবার মল ও নোংরা পানিতে সয়লাব হয়ে যায় ঘরটি। তখন ঘরে থাকে হাঁটুপানি। এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রামু সার্কেলের কার্যালয়। এখান থেকেই রামু, টেকনাফ, চকরিয়া, পেকুয়া ও উখিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কার্যক্রম চলে। সরেজমিনে দেখা গেছে, সংস্কারের অভাবে ঘরটি হেলে পড়ায় লোকজনকে মাথা নিচু করে কার্যালয়ে ঢুকতে হয়। চালের টিন ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। জরাজীর্ণ এই ঘরে তিনটি কক্ষ থাকলেও জোড়াতালি দিয়ে একটিকে কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই কক্ষে আছে জরাজীর্ণ দুটি টেবিল, দুটি আলমারি, চারটি চেয়ার। বাকি দুটি কক্ষের একটি সাপের ভয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে। আরেকটি কক্ষ ব্যবহারের অনুপযোগী। কার্যালয়ের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ জানান, প্রায় ১০৩ বছর আগে এই ঘরটি (কার্যালয়) নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঘরটি এখন ব্যবহারের অনুপযোগী। জায়গাটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই এই কার্যালয়ে হাঁটুপানি জমে যায়। তখন কষ্ট করে কার্যালয়ে ঢুকলেও চেয়ারের ওপর পা তুলে কাজ করতে হয়। জরুরি কাগজপত্রের নিরাপত্তা নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকতে হয়। এ ছাড়া কার্যালয়ের পেছনের ডোবার দুর্গন্ধের কারণে কাজ করতে হয় নাক চেপে। কার্যালয়ে কাজ করার মতো পরিবেশই নেই। নেই পর্যাপ্ত জনবল, প্রয়োজনীয় আসবাব ও যানবাহন। এ অবস্থায় নানা সংকটের কারণে পাঁচ উপজেলায় মাদক নিয়ন্ত্রণের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি আরও জানান, কার্যালয়টি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি। কার্যালয়ের সিপাহি শম্ভু আচার্য ও আবদুল্লাহ আল মামুন জানান, আশপাশের কয়েকটি দোকানের শৌচাগারের মলমূত্র ও চৌমুহনী স্টেশন এলাকার ময়লা-আবর্জনা এই কার্যালয়ের পেছনের ডোবায় ফেলা হয়। বৃষ্টি হলে ডোবার মলমূত্রসহ পচা পানি কার্যালয়ে ঢোকে। তাঁরা জানান, কার্যালয়ের বিভিন্ন স্থানে বেড়া ভেঙে যাওয়ায় ওই সব ফাঁক দিয়ে প্রায়ই ডোবা থেকে সাপ কার্যালয়ে ঢুকে পড়ে। একটি কক্ষে তিন-চারটি বিষধর সাপ থাকায় প্রায় দুই বছর ধরে কক্ষটি খোলা যাচ্ছে না। মাঝেমধ্যে ওই কক্ষ থেকে সাপ এই কক্ষে (কার্যালয়) চলে আসে। এ কারণে সব সময় সাপ-আতঙ্কে থাকতে হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অঞ্চলের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম শওকত ইসলাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রামু সার্কেলের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘কার্যালয় ভবন ও সীমানাদেয়াল নির্মাণের জন্য মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।’