এটুআই পুরস্কার পেলেন ২৯ অগ্রগামী নারী
সরকার সব ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করতে চায়। নারী বা পুরুষ কেউ কাউকে ডিঙিয়ে যাক, সেটি সরকারের উদ্দেশ্য নয়। সরকারের উদ্দেশ্য, নারীরা যেন যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পায় তা নিশ্চিত করা।
গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রথম নারীসচিব সুরাইয়া বেগম এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে ২৯ জন অগ্রগামী নারীকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি।
এর উদ্যোক্তা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ইউএসএআইডির কারিগরি সহায়তায় পরিচালিত একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম। এটুআই কর্মসূচি গতকাল একটি জেন্ডার নীতিমালার মোড়ক উন্মোচন করে।
অনুষ্ঠানে ইউএসএআইডির মিশন ডিরেক্টর জেনিনা জারুজেলেস্কি নারীদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তবে বাবা-মায়ের সম্মতিতে ১৬ বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া যাবে বলে পত্রিকায় প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এদেশীয় পরিচালক পলিন ট্যামেসিস বলেছেন, শিক্ষায় বিনিয়োগ একটি জাতিকে কত দূর এগিয়ে নিতে পারে, তার উদাহরণ বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।
গতকালের অনুষ্ঠানে মাঠ প্রশাসনে অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন তানিয়া আফরোজ (বরিশাল), রুমানা রহমান (চট্টগ্রাম), উম্মে রুমানা (রংপুর), মৌরীন করিম (সিলেট), আইরিন ফারজানা (ঢাকা), শেহেলী লায়লা (রাজশাহী) ও রেবেকা খান (খুলনা)।
বিভাগীয় পর্যায়ে পুরস্কৃত নারী উদ্যোক্তারা হলেন নাদিরা (বরিশাল), রহিমা আক্তার (চট্টগ্রাম), শিল্পী আক্তার (রংপুর), কল্পনা কানু (সিলেট), রুমি খাতুন (ঢাকা) ও রেবেকা খাতুন (খুলনা)।
শিক্ষক বাতায়নের মাধ্যমে নির্বাচিত বিভাগীয় পর্যায়ে সেরা নারী শিক্ষকেরা হলেন ইসমত আরা (ঢাকা), শর্বানী দত্ত (সিলেট), মাছুমা আক্তার (চট্টগ্রাম), পূরবী সরকার (বরিশাল), মাহফুজ আরা সুলতানা (রংপুর) ও সাবরিনা জেরিন (রাজশাহী)।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচিত তিন ‘জয়িতা’ খুলনা বিভাগের। এঁরা হলেন ফেরদৌসী আলী, শ্যামলী রায় ও লিপি বেগম।
ছয়জন সাহসী নারী হলেন রেলচালক সালমা খাতুন, পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন, বেসিস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফ্রিল্যান্সার তানজীন আক্তার, ক্রিকেটার শাকিলা জাকির, প্রথম প্যারাট্রুপার জান্নাতুল ফেরদৌস এবং মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক নুরুন্নাহার উইলি।