পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ফলাফল না পেয়ে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণে ১৫টি বিভাগের ২৬১ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত হয়ে গেছে বলে বিক্ষোভরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা বাংলা, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের দরজা-জানালা ভাঙচুর করেন। এ সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সব বিভাগের ক্লাস বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ১৪ আগস্ট। কিন্তু এতে ইসলামের ইতিহাস বিভাগের ৬১ জনসহ ১৫টি বিভাগের ২৬১ জন শিক্ষার্থীর ফলাফল পাওয়া যায়নি। বিষয়টি গত এক মাসে একাধিকবার জানানো হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। জানতে চাইলে কলেজ অধ্যক্ষ নাইদ মো. শামসুল হুদা বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। তাঁদের আচরণ অসৌজন্যমূলক ও নিন্দনীয়। ফলাফল না আসার ব্যাপারে তিনি বলেন, বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে। কিন্তু সেখানে ৮২১ জন কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত হওয়ায় বর্তমানে বিশৃঙ্খলা চলছে। আশা করা হচ্ছে, শিগগিরই সমস্যার সমাধান হবে।