এডিআর বাস্তবায়ন হলে মামলাজট থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শনিবার ‘বাংলাদেশের ফৌজদারি মামলায় এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) ব্যবস্থার প্রয়োগ ও দ্রুত নিষ্পত্তি’ শীর্ষক এক সেমিনারে ড. কামাল হোসেন বলেছেন, আইনের পরিবর্তন হয়েছে কয়েকবার। এখন বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী—সবারই মানসিকতার পরিবর্তন দরকার। কামাল হোসেন বলেন, উপমহাদেশে এডিআর বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছে। এডিআর বাস্তবায়ন করতে আইন কমিশন এগিয়ে এসেছে, এটি অত্যন্ত ইতিবাচক দিক। তিনি বলেন, বাংলাদেশে স্তূপীকৃত মামলা ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে মারাত্মক জট তৈরি হয়েছে। এডিআর বাস্তবায়িত হলে এ সমস্যা আর থাকবে না। নগরের জাফর ইমাম টেনিস কমপ্লেক্স মিলনায়তনে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজের (এসএআইএলএস) সহায়তায় দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ আইন কমিশন। কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোজাম্মেল হোসেন। আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা ও ড. কামাল হোসেন সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন আইন কমিশনের সদস্য শাহ আলম। বিষয়ভিত্তিক আলোচনা করেন এসএআইএলএসের উপপরিচালক উত্তম কুমার দাস, আইন কমিশনের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা শারমিন নিগার ও আতোয়ার রহমান। সেমিনারে বক্তারা বলেন, বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের নৈতিকতা ও ন্যায়নীতিবোধকে জাগ্রত করতে হবে। বিচারকদের সঙ্গে আইনজীবীদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া প্রতি জেলায় বার অ্যাসোসিয়েশনকে সক্রিয় করতে হবে। সেমিনারে রাজশাহীর বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।