এডিটরস গিল্ড অব ইন্ডিয়ার উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া। ভারতের গণমাধ্যমের সম্পাদকদের সংগঠনটি বলেছে, স্পষ্টত মাহ্ফুজ আনামকে ভয়ভীতি দেখাতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকেরা এসব মামলা করেছে এবং তা বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার ওপর একটি আঘাত।
গত শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেছে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া। এতে সই করেন সংগঠনের সভাপতি রাজ চেঙ্গাপ্পা, সাধারণ সম্পাদক প্রকাশ দুবে এবং কোষাধ্যক্ষ সীমা মুস্তাফা। বিবৃতিতে বলা হয়, বেশির ভাগ মামলাই ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা দায়ের করলেও অন্তত একটি ঘটনায় মামলা করেছেন একজন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। দোষী সাব্যস্ত হলে মাহ্ফুজ আনামের ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিবৃতিতে প্রথিতযশা একজন সম্পাদকের বিরুদ্ধে এ ধরনের চাপ প্রয়োগের কৌশল নেওয়ার কড়া নিন্দা জানায় এডিটরস গিল্ড অব ইন্ডিয়া। পাশাপাশি তাঁকে হয়রানি করা ও ভয়ভীতি দেখানো বন্ধ করার আহ্বান জানান তাঁরা। গিল্ড নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ও ঢাকায় ভারতীয় হাইকমিশনে তাদের উদ্বেগের বিষয়টি জানাবে। এর মাধ্যমে বিষয়টির একটি সুষ্ঠু সমাপ্তি টানতে অনুরোধ করা হবে।
গত ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতি প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এরপর থেকে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়। তাঁর বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ পর্যন্ত ৭৮টি মামলা হয়েছে।