এডিপি প্রকল্পের অর্থ লোপাট?
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপির) অধিকাংশ প্রকল্পের কাজ শুরু না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে কয়েকটি প্রকল্প কমিটির সভাপতি জানিয়েছেন, তাঁদের নামে প্রকল্প কমিটি দাখিল করে কে বা কারা টাকা তুলে নিয়েছেন তা তাঁরা জানেন না।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে এডিপির আওতায় ধরমপাশা উপজেলায় ১৬টি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিটি প্রকল্পের বিপরীতে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। কাজগুলো সম্পন্ন করার নির্ধারিত সময় ছিল ৩০ জুন। কিন্তু অধিকাংশ প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। কাগজে-কলমে কাজ শেষ হয়েছে দেখিয়ে গত মার্চ ও এপ্রিল মাসে বরাদ্দ করা টাকা তুলে নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মধ্যনগর কালীমন্দিরের জন্য নলকূপ স্থাপন, দুগনই জামে মসজিদের জন্য নলকূপ স্থাপন, কালাগড় মাদ্রাসার জন্য শৌচাগার নির্মাণ, শয়তানখালী থেকে শেখের খাল পর্যন্ত রাস্তা মেরামত, তাহিরপুর মন্দিরের শৌচাগার সংস্কার ও বাদলাপুর মসজিদের জন্য শৌচাগার নির্মাণের কাজ এখনো শুরু হয়নি।
জারারকোনা মসজিদের জন্য নলকূপ স্থাপনে এক লাখ টাকা বরাদ্দ করা হয়। এ টাকা দিয়ে নলকূপ স্থাপনের কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন ওই গ্রামের বাসিন্দা কৃষক মো. আজাদ মিয়া।
ঘিলাগড়া কালীমন্দিরের জন্য নলকূপ স্থাপনে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মন্দির পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিছ হাজং জানান, এ ধরনের বরাদ্দ পাওয়ার বিষয়টি তিনি জানেন না। প্রকল্প কমিটির সভাপতি আশুতোষ হাজং বলেন, ‘আমি এ প্রকল্পের সভাপতি নই। কেউ আমার সই নকল করে হয়তো বরাদ্দ করা টাকা তুলে নিয়েছে।’
বাত্তারাশিকান্দা থেকে বড়বিল পর্যন্ত রাস্তা উন্নয়ন প্রকল্পের সভাপতি সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা। জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে প্রকল্প কমিটির সভাপতি করে একটি প্রকল্প দাখিল করা হয়েছিল। শুনেছি এটি বাতিল করা হয়েছে। পরে কীভাবে কী হয়েছে তা আমি জানি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ-সংক্রান্ত কোনো অভিযোগ আমি পাইনি। এডিপির অর্থ দিয়ে প্রকল্পগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করে থাকে। কাজ সম্পন্ন না করে টাকা উত্তোলনের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. নূরুল আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।