এডিপিতে রাজনৈতিক প্রকল্প খতিয়ে দেখার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) রাজনৈতিক প্রকল্প বেশি নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।জাতীয় সংসদ ভবনে গতকাল রোববার সংসদীয় কমিটির সভায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ওপর আলোচনাকালে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, হামিদা বানু শোভা ও রেজা আলী অংশ নেন।সভাসূত্র জানায়, ‘রাজনৈতিক প্রকল্পে সয়লাব এডিপি’ শিরোনামে গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন নিয়ে সভায় আলোচনার সূত্রপাত করেন কমিটির সভাপতি।সভা শেষে অলি আহমদ সাংবাদিকদের বলেন, বিভিন্ন প্রকল্পের অনিয়ম নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। কমিটি মনে করে, এসব বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, পত্রিকায় যেসব খবর এসেছে, এতে সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এ জন্যই এসব বিষয়ে তদন্তের সুপারিশ করা হয়েছে। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা বন্ধ করতে খাদ্য না কিনে প্রকল্পভুক্ত মানুষকে সরাসরি টাকা দেওয়া উচিত। তাতে দুর্নীতি-অনিয়মের পথ বন্ধ হবে।সভায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জানানো হয়, ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজের জন্য ১০০ কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে। কমিটি এসব সরঞ্জামের বিষয়ে সাধারণ মানুষকে ধারণা দিতে প্রচার চালানোর আহ্বান জানায়। সভায় দ্রুত খাদ্যগুদাম নির্মাণ শেষ করে প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।সভায় পরিকল্পনা বিভাগের সচিব মঞ্জুর হোসেন, আইএমইডির সচিব মো. হাবিব উল্লাহ মজুমদার, পরিকল্পনা কমিশনের সদস্য মাসুদ আহমেদ ও শামসুল আলম, বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।