এডিবি ও আইডিবির বোর্ডে পদ্মা সেতুর ঋণ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত পদ্মা সেতু বাস্তবায়নে প্রায় চার হাজার ৩৬৬ কোটি টাকার ঋণ নিশ্চিত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল বৃহস্পতিবার এডিবির বোর্ড সভায় এই ঋণ অনুমোদন করা হয়।এর আগে পদ্মা সেতুর জন্য ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বোর্ড প্রায় এক হাজার কোটি টাকা ঋণের অনুমোদন দিয়েছে। তাদের অর্থ দিয়ে সেতুর সংযোগ সড়ক তৈরি হবে। জাপানি সংস্থা জাইকা পদ্মা সেতু নির্মাণে প্রায় তিন হাজার ২০০ কোটি টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর জাপান সফরের সময়ই জাইকা বোর্ড এই ঋণের অনুমোদন দেবে।পদ্মা সেতু প্রকল্পে সর্বোচ্চ প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সঙ্গে ঋণ চুক্তি ও অর্থ ছাড় করার ওপর নির্ভর করছে সময়মতো পদ্মা সেতুর কাজ শুরু এবং শেষ হওয়া। গতকাল বিশ্বব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে পদ্মা সেতুর জন্য প্রতিশ্রুত টাকার মধ্যে সাড়ে আট হাজার কোটি টাকার ঋণ প্রস্তাব সংস্থাটির বোর্ডে অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। বাকি আড়াই হাজার কোটি টাকাও যথাসময়ে দেওয়া হবে। তবে সেতুর কাজ যথাসময়ে বাস্তবায়নে নির্মাণকাজ তদারকের পরামর্শক এবং ব্যবস্থাপনা-সহায়ক পরামর্শক নির্বাচন ও নিয়োগ জরুরি। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, নির্মাণকাজ তদারকের জন্য এখনো পরামর্শক নিয়োগ করা হয়নি। প্রাথমিকভাবে তারা ছয়টি পরামর্শক প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করেছে। এ বিষয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, পরামর্শকদের সংক্ষিপ্ত তালিকা আগামী মাসের প্রথম সপ্তাহে উন্নয়ন-সহযোগীদের কাছে পাঠানো হবে। মার্চের মধ্যে পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগ হয়ে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা প্রস্তুত। দাতারা সব কিছু সময়মতো করলে মার্চের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু হবে।’এদিকে এডিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি দুটি ঋণ চুক্তির অধীনে চার হাজার ৩৬৬ কোটি টাকা দেবে। প্রথম ঋণ চুক্তিতে দেবে প্রায় তিন হাজার ৮০০ কোটি টাকা। এই ঋণ ২৭ বছরে শোধ করতে হবে। সুদ দিতে হবে এডিবির লন্ডন আন্তব্যাংক সুদ হার- লাইবর অনুযায়ী। বাকি প্রায় ৫৩৯ কোটি টাকা ৩২ বছরে পরিশোধ করতে হবে। বার্ষিক এক শতাংশ হারে সুদ নির্ধারণ করা হলেও তা শেষ পর্যায়ে এসে দেড় শতাংশে ঠেকবে। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, মার্চের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা প্রকৃত কাজ শুরু নয়। এর মধ্যে তারা ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ সম্পন্ন করবে। নির্মাণকাজ শুরু হতে আরও কয়েক মাস লাগবে। পদ্মা সেতু হবে দ্বিতলবিশিষ্ট। এর ওপর দিয়ে চলবে গাড়ি এবং নিচের তলা দিয়ে চলবে ট্রেন। তবে সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল করা সম্ভব হবে না বলে যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। কারণ সেতুতে রেললাইন করা হলেও এর দুই প্রান্তে অর্থাৎ মাওয়া ও জাজিরায় কোনো রেললাইন নেই। এই পথে রেললাইন তৈরির জন্য রেলওয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করলেও এর কোনো অর্থসংস্থান হয়নি।স্টিল ও কংক্রিটের মিশ্রণে তৈরি পদ্মা সেতু তৈরিতে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার বা ২০ হাজার ৩০০ কোটি টাকা। ২০১৩ সালে সেতুটি চালু হওয়ার কথা রয়েছে।ঠিকাদার নিয়োগে দরপত্র: পদ্মা সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগের প্রাথমিক দরপত্রে ১০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বুধবার ছিল দরপত্র প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন।১০টি প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু সেতুর নির্মাতা প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দাই কোম্পানিও রয়েছে। বঙ্গবন্ধু সেতুতে ফাটলের জন্য হুন্দাইকে দায়ী করে এদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করারও ঘোষণা দিয়েছিল সরকার। হুন্দাই ছাড়াও দক্ষিণ কোরিয়ার আরও তিনটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে দরপত্রে। এ ছাড়া দরপত্রে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে চীনের চারটি, ভারতের একটি এবং যৌথভাবে ফ্রান্স ও ভারতের একটি প্রতিষ্ঠান রয়েছে। এই তালিকা থেকে একটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে কার্যাদেশ দেওয়া হবে। এর আগে পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগে প্রাক-যোগ্যতা যাচাই দরপত্র আহ্বান করা হয়েছিল ১০ এপ্রিল।