এডিস মশা নিধনে অভিযান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরের ভাইরাসের বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকার ৯২টি ওয়ার্ডে আজ শনিবার বিশেষ অভিযানে নামছে ১০ হাজার শিক্ষার্থী। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই অভিযান চলবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা এ অভিযানের আয়োজন করেছে। জানতে চাইলে রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক সানিয়া তহমিনা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের সব প্রস্তুতি শেষ। তিন দিন ধরে আমরা প্রচার চালিয়েছি। কার কী কাজ বুঝিয়ে দিয়েছি। আশা করছি আমাদের এই কর্মসূচি দেখে অন্যরাও উৎসাহী হবে। কারণ সবাই সচেতন না হলে এডিস মশা নির্মূল সম্ভব নয়। আর এডিস মশা নির্মূল করা না গেলে চিকুনগুনিয়া কিংবা ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজকের এই বিশেষ অভিযানে মেডিকেল বিশ্ববিদ্যালয়, সব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইনস্টিটিউট, হেলথ টেকনোলজি ইনস্টিটিউটসহ সব ধরনের স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বাস্থ্য ও চিকিৎসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা একযোগে অংশ নেবেন। তাঁরা ওয়ার্ডে ওয়ার্ডে জনগণকে এডিস মশাবাহিত রোগ সম্পর্কে ধারণা দেবেন।

এ ছাড়া এডিস মশা নিধনের জন্য মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করতে ওষুধ ছেটাবেন। বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোর এডিস মশা ধ্বংস, মোটরযানের মেরামতের দোকানে গিয়ে পুরোনো টায়ার থেকে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস, ডাবের খোসা অপসারণ করা হবে। কর্মসূচিতে সিটি করপোরেশনের ফগার যন্ত্র ও স্প্রে ব্যবহার করা হবে।

এই কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনও করে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে জানানো হয়, শনিবার সকাল নয়টার আগেই স্বেচ্ছাসেবীরা ওয়ার্ডে উপস্থিত হবেন। সেখানে প্রয়োজনীয় সামগ্রী ও নির্দেশনার পর তাঁরা ছোট ছোট দলে ভাগ হয়ে বেরিয়ে পড়বেন। বেলা দুইটায় অভিযান শেষ হবে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চিকুনগুনিয়ার প্রকোপ থাকতে পারে। কাজেই পরিচ্ছন্নতা ও সচেতনতা জরুরি।