এডিসিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলামকে ৪০০ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার পঞ্চগড়ের যুগ্ম জেলা জজ এ কে এম এনামূল করিম এই আদেশ দেন। একই সঙ্গে তিনি এই জরিমানার টাকা তাঁর বেতন থেকে কর্তন করার জন্য জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার বীরপাড়া গ্রামের আলতাফুন বেগম একটি স্বত্ব মামলা করেন সদর উপজেলা আদালতে। পরে এই মামলাটি স্থানান্তরিত হয়ে যুগ্ম জেলা জজ আদালতে আসে। এই মামলায় চার নং বিবাদী ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। তিনি এই মামলায় আদালতের নির্দেশ মতে তিনটি ধার্য তারিখে হাজির হননি। এমনকি সাক্ষ্য দিতেও আসেননি। সরকারি কাজে ব্যস্ত থাকার অজুহাতে আদালতে হাজির হতে পারছেন না বলে আদালতের জবাবে তিনি জানান। আদালতে যে জবাব দিয়েছেন তাতে তিনি স্বাক্ষরও করেননি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম জানান, আদালতের আদেশ বা কোনো চিঠি তিনি পাননি। আদালতে হাজির হতে হবে এমন কোনো নির্দেশনাও পাননি। কাজেই স্বাক্ষর ছাড়া জবাব দেওয়ার প্রশ্নই আসে না।