এত অবদান, তবু বৈষম্যের শিকার নারী কৃষিশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামবাংলার পুরুষের পাশাপাশি নারীরাও কৃষিকাজে ব্যস্ত থাকছেন। তাঁরা এখন বপন, রোপণ, নিড়ানিসহ ফসল ঘরে তোলা পর্যন্ত কাজ করছেন। কৃষিকাজে নারীর এত অবদানের পরও মজুরিতে তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন।

গত রোববার ঘড়ির কাঁটা বেলা তিনটা ছুঁয়েছে। হঠাৎ আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। বৃষ্টিতে ভেজার আশঙ্কায় এই প্রতিবেদক আশ্রয় নেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ থেকে সদর উপজেলার ভাউলারহাট সড়কের পাশের একটি ছাউনিতে। পাশেই চোখে পড়ে বৃষ্টি উপেক্ষা করে মাথায় পলিথিন পেঁচিয়ে আমন ধানের চারা রোপণের ব্যস্ততা। সেখানে ১০ জন শ্রমিক একসঙ্গে ধানের চারা রোপণের কাজ করছিলেন। ১০ জনের ৯ জনই নারী। তাঁরা পুরুষের সঙ্গে সমানতালে কাজ করে চলেছেন। পরে কাজের ব্যস্ততার মধ্যেই তাঁদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়।

খেতের কাদাপানিতে দাঁড়িয়ে ধানের চারা রোপণে ব্যস্ত নারী কৃষিশ্রমিক নিরোদা বালা (৩৭) বলেন, এ এলাকায় কৃষিকাজে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ বেশি। নারীরা চারা রোপণ থেকে শুরু করে মাড়াই পর্যন্ত কৃষিকাজের সব ধাপেই সম্পৃক্ত। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে সংসারের কাজ সেরে তাঁরা পৌঁছে যান কর্মস্থলে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে একটানা কাজ করে বিকেলে ফিরে যান বাড়িতে। এরপরও নারী শ্রমিকেরা মজুরিবৈষম্যের শিকার হচ্ছেন। একজন পুরুষ শ্রমিক যেখানে দৈনিক ৩০০ থেকে ৩৫০ টাকা মজুরি পান, সেখানে একজন নারী শ্রমিক পাচ্ছেন ১৮০ থেকে ২০০ টাকা।

নিরোদা বলেন, ‘মহাজনেরা কহে পুরুষের মতো হামরা (নারী শ্রমিকেরা) নাকি সব কাজ করিবা পারু না। ওইতানে হামার হাজিরা কম।’

কিছুদূর এগিয়ে রানীশংকৈল উপজেলার সীমানা। যদুয়ার গ্রামে তখনো চলছে আমন চাষের কর্মযজ্ঞ। বীজতলা থেকে ধানের চারা তুনে আনছিলেন তিন কৃষিশ্রমিক। তাঁদের মধ্যে একজন রাধারানী। সে সময় তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘পুরুষেরা যেসব কাজ করে, হামরাও (নারীরা) সেই কাজ করু। পুরুষেরা কাজ ফেলে পান, চা-বিড়ি খাবার নাম করে বিশ্রাম নেয়। কিন্তু হামরা কাজ করে যাও। এরপরও পুরুষেরা হামার থাকি বেশি হাজিরা পায়।’ পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন রাহেলা বেগম (৪০)। হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তিনি। এরপর ক্ষোভে বলতে লাগলেন, ‘হামরা কি পুরুষের চেয়ে কম কাজ করু, তাহলে হামার হাজিরা কেনে কম হবে?’

মজুরিবৈষম্য সম্পর্কে পটুয়া গ্রামের শ্রমিক যশোদা রানী (৪৫) বলেন, ‘আইজ হঠাৎ করে হাজিরার দাম বেশি চাইলে কেউ কাজই দিবে না। সেতানে কথা কহ না।’

জমির মালিক আজাহার আলী বলেন, ‘এলাকায় নারী শ্রমিকদের মজুরির যে প্রচলন রয়েছে, আমরা সেটাই দিচ্ছি।’

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন ইউনিটের (এফপিএমইউ) ২০১৫ ‘জাতীয় খাদ্যনীতি ও কর্মপরিকল্পনা এবং দেশীয় বিনিয়োগ পরিকল্পনা পর্যবেক্ষণ’ প্রতিবেদনেও নারী-পুরুষের মজুরিবৈষম্যের চিত্রটি পাওয়া গেছে। তবে প্রতিবেদনে নারী-পুরুষের মজুরিবৈষম্যের ১০ শতাংশ হারে কমছে বলে দাবি করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ‘অর্থনীতিতে নারী কৃষিশ্রমিকের যেমন অবদান রয়েছে, তেমনি তাঁরা দীর্ঘ কর্মঘণ্টা, স্বল্প মজুরি, মজুরিবৈষম্যসহ আরও নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। কৃষিশ্রমিকের মজুরির বিষয়ে সরকারের একটি নীতিমালা থাকলেও তা মনিটরিংয়ে কোনো উদ্যোগ নেই।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মো. আরশেদ আলী বলেন, কৃষিকাজের ৬০ ভাগ কাজের সঙ্গে নারীদের সম্পৃক্ততা রয়েছে। এ সেক্টরে নারীদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। এ অবদানের স্বীকৃতিস্বরূপ নারী-পুরুষের মজুরিবৈষম্য কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে।