অক্সিজেনের সিলিন্ডারটা পাশেই ছিল, কিন্তু কেউ লাগালেন না। স্যালাইন প্রস্তুত ছিল, কিন্তু রোগীর শরীরে ‘পুশ’ করার জন্য কাউকে পাওয়া গেল না। মৃত্যুর পর চিকিৎসক এসে বললেন, ‘আপনাদের কোনো অভিযোগ থাকলে লিখিত দেন, আমরা পোস্টমর্টেম করব।’
গত শনিবার রাতে রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা গ্রামের রিজিয়া বেগম (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে মারা যান। ভর্তির পর তাঁর স্বজনদের দিয়ে ৭২০ টাকার ওষুধ কেনানো হয়। কিন্তু সেই ওষুধ শরীরে প্রয়োগ করার কোনো লোক মেলেনি।
রিজিয়া বেগমের ভর্তির কাগজে দেখা যায়, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তাঁকে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর অবস্থা শোচনীয় ছিল। কর্তব্যরত চিকিৎসক ব্যবস্থাপত্র লিখে দ্রুত ওষুধগুলো কিনে আনতে বলেন। রিজিয়া বেগমের ছেলে মুস্তাক আহাম্মেদ বলেন, মায়ের অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে তিনি তখনই দৌড়ে গিয়ে ৭২০ টাকার ওষুধ কিনে আনেন। তিনি বলেন, স্যালাইনটা স্ট্যান্ডে ঝোলানোর পরে পুশ করার জন্য তিনি কাউকে খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে মায়ের শ্বাসকষ্ট শুরু হলো। পাশেই অক্সিজেন সিলিন্ডার ছিল। কিন্তু কে অক্সিজেন দেবে—তিনি কাউকে খুঁজে পাচ্ছিলেন না।
রোকেয়া নামের একজন সেবিকা তখন দায়িত্বে ছিলেন। স্যালাইনটা পুশ করার জন্য তাঁকে অনুরোধ করলে তিনি বলেন, মেঝেতে বসে তিনি স্যালাইন পুশ করতে পারবেন না। রোগীকে বেডে তুলতে হবে। তখন আর কোনো বেড ফাঁকা ছিল না। আরিফা নামের আরেকজন সেবিকা ছিলেন। তাঁকে গিয়ে অনুরোধ করলে তিনি ধমক দিয়ে বলেন, ‘যখন সময় হয় তখন যাব। যান এখান থেকে।’
আবুল হোসেন নামের এক যুবক কমিউনিটি ক্লিনিকে চাকরি করেন। রোগীর অবস্থা শোচনীয় হয়ে আসছে দেখে অগত্যা তিনিই রিজিয়া বেগমের শরীরে স্যালাইন পুশ করেন। পাশেই তখন দুই সেবিকা দাঁড়িয়ে ছিলেন। বাইরের লোক হাসপাতালের রোগীর শরীরে স্যালাইন পুশ করছে দেখে তাঁরা কোনো আপত্তি করেননি।
খবর শুনে রাত পৌনে নয়টার দিকে এই প্রতিবেদক হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে যান। তখনো ওই রোগী কষ্ট করে শ্বাস নিচ্ছিলেন। অক্সিজেন দিতে পারলে শ্বাস নিতে এই কষ্টটা হতো না। কাউকে না পেয়ে এই প্রতিবেদক নিজেই হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশার কাছে ফোন করেন। এর কিছুক্ষণ পরেই হাসপাতালের ওয়ার্ডমাস্টার আবদুল মতিন দৌড়ে আসেন। তিনি বলেন, হাসপাতালের পরিচালক তাঁকে পাঠিয়েছেন। তখন রোগীর নাড়ির স্পন্দন প্রায় শেষ হয়ে আসছে। হাসপাতালের সব শয্যার রোগীর স্বজনেরা ওই রোগীকে ঘিরে অসহায়ের মতো তাকিয়ে আছেন। ওয়ার্ডমাস্টার একজন তরুণ চিকিৎসককে ডেকে নিয়ে এলেন। তিনি এসে সব শুনে বললেন, ‘আপনারা এত লোক ডেকে এনেছেন কেন? এত লোক থাকলে একটা সিনক্রিয়েট হবে।’ রিজিয়া বেগমের ছেলে বললেন, তিনি কাউকে ডেকে আনেননি। কেউ তাঁর লোক নন। শুনে চিকিৎসক সবাইকে ধমক দিয়ে সরিয়ে দিয়ে রিজিয়া বেগমের নাড়ি দেখে বললেন, ‘আপনাদের রোগী মারা গেছেন। আমি শুরুতেই বলেছিলাম, তাঁর অবস্থা খারাপ। এখন ছাড়পত্র দিয়ে দিচ্ছি। নিয়ে যান।’ ঘড়িতে তখন নয়টার একটু বেশি।
রাত ১০টার দিকে একজন চিকিৎসক এসে ওয়ার্ডে কর্মরত সবাইকে ডেকে কথা শুনলেন। রোগীর স্বজনদের ডেকে বললেন, ‘আপনাদের কোনো অভিযোগ থাকলে লিখিত দেন। আমরা পোস্টমর্টেম করব।’ রোগীর স্বজনেরা বললেন, ‘বেঁচে থাকতে আমাদের অভিযোগ ছিল। এখন আর কোনো অভিযোগ নেই।’
হাসপাতালের পরিচালক চিকিৎসক পাঠিয়ে খোঁজ নিচ্ছেন দেখে দুজন সেবিকা এসে রোগীর স্বজনদের হাত ধরে ক্ষমাপ্রার্থনা করেন।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, বিষয়টি দুঃখজনক। তাঁরা বিষয়টি তদন্ত করবেন। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।