সুড়ঙ্গপথ ও ঘরের মেঝেতে থাকা কাগজপত্রের মধ্যে আছে স্বাক্ষর করা একটি চিঠি ৷ ‘টু চিফ অব আর্মি স্টাফ, টিপিডিএফ’ বরাবর লেখা চিঠি ইংরেজি অক্ষরে হলেও ভাষা ত্রিপুরা৷ চিঠির নিচে ‘অ্যাডমিশন’ লিখে তারিখ ‘২৬.২.৯৩’ ও ‘আর্মি নং ০৩৯৩০০৬’ উল্লেখ রয়েছে৷ প্রায় ২০ বছর আগের এ কাগজটি মেঝেতে পড়ে থাকলেও এখনো চকচকে৷
র্যাবের জব্দ তালিকা তৈরির কাজে নিয়োজিতরা একমত যে এগুলো ১৯৯৩ সালের৷ কাগজের তথ্যে সন-তারিখ দেখে পরিখা ও অস্ত্রের মজুতগুলো প্রায় ২০ বছর আগের বলে ধারণা করছেন র্যাব কর্মকর্তারা৷ তবে স্থানীয় মানুষের প্রশ্ন, এত দিন এসব অজানা ছিল কেন?
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে গত মঙ্গলবার সাতটি পরিখা (বাংকার) থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়৷ গতকালও সেখানে অস্ত্র উদ্ধার অভিযান চালায় র৵াব৷ র্যাবের প্রশিক্ষিত শতাধিক সদস্য ত্রিপুরাপল্লি ঘিরে রেখে তল্লাশি চালান৷ নতুন করে একটি পরিখা, একটি সুড়ঙ্গপথে ‘ক্লিনিক’ ও উচ্চ ক্ষমতাসম্পন্ন কামানবিধ্বংসী রকেট লঞ্চার, মেশিনগান ও গুলি উদ্ধার করার বিষয়টি সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়৷ কিন্তু অস্ত্রের মজুত এত দিন অজানা থাকা নিয়ে নানা প্রশ্নের জবাব শুধু ‘তদন্তের পর জানা যাবে’ বলে এড়িয়ে যান র৵াবের কর্মকর্তারা৷
সাতছড়ি জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত৷ ১৯৯৬ সালের দিকে পর্যটন কেন্দ্র ঘোষণার পর পুরো এলাকায় দর্শনার্থীদের বিচরণ সারা বছরই থাকে৷ সাতছড়ি উদ্যান ফটকের সম্মুখভাগ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক হওয়ায় যান চলাচল ও মানুষের আনাগোনাও রয়েছে৷ মহাসড়কে বাইপাস সংযোগ হওয়ার আগে সাতছড়ি দিয়ে যান চলাচলের একমাত্র পথ ছিল৷ তখন আশপাশ এলাকা ছিল আরও কোলাহলমুখর৷ জনমানুষের কোলাহলমুখর এলাকা অস্ত্রধারীদের গোপন ঘাঁটি হওয়ায় ত্রিপুরাপল্লির বাসিন্দা আদিবাসী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে৷
উদ্যানের প্রধান ফটকের দক্ষিণে টিলা এলাকা পুরোটাই ত্রিপুরাপল্লি৷ দক্ষিণে আরও তিন কিলোমিটার পর ভারতের ত্রিপুরা রাজ্য৷ ঘন বন ও পাহাড়ের পর সীমান্ত এলাকা৷ সাতছড়ি নামের ‘ছড়া’র (পাহাড়ি খাল) ওপর একটি সরু সেতু পার হয়ে যেতে হয় ত্রিপুরাপল্লিতে৷ প্রবেশমুখে একটি রাস্তা হওয়ায় সেতুর এ পাড়ে ‘বহিরাগতদের বিনা অনুমতিতে গ্রামে প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড রয়েছে৷
ত্রিপুরাপল্লিতে অর্ধশতাধিক বসতঘরে দুই শতাধিক আদিবাসীর নিবাস৷ টিলার প্রবেশমুখের প্রথম ঘরের সব কটি দরজা-জানালা ভরদুপুরেও বন্ধ৷ দরজার পাশে কয়েক জোড়া জুতা পড়ে থাকতে দেখে কড়া নাড়তেই ভেতর থেকে সাড়া মেলল৷ একজন বৃদ্ধা একা ঘরে বসে ছিলেন৷ কিছু জানতে চাওয়ার আগেই তাঁর আকুতি, ‘আমরা বুঝি বন্দী... মুক্তি মেলব কি!’
এ আকুতি শুধু একটি ঘরে একজন ত্রিপুরা নারীর মুখে নয়, পল্লির কিছু ঘরে থাকা অন্য নারীদের মুখেও শোনা গেছে৷ গতকাল সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পল্লিতে অবস্থান করে দেখা গেছে, অর্ধশতাধিক ঘর প্রায় পুরুষ ও শিশুশূন্য৷ হাতে গোনা দু-একটি ঘরে কেবল নারীদের পাওয়া গেছে৷
দুপুর সাড়ে ১২টার দিকে দরজা খোলা অবস্থায় পাওয়া গেছে কেবল ত্রিপুরাপল্লির ‘হেডম্যানের’ (প্রধান) বসতঘর৷ ঘরে থাকা নারী সদস্য দরজায় উঁকি দিয়ে বলেন, ‘তাঁরা কেউ পালাননি৷ ভয় ও আতঙ্কে সবাই চুপ আছেন৷’ কেন চুপচাপ জানতে চাইলে তিনি ঘরের ভেতরে নিয়ে বলেন, ‘এই গুলা তো অনেক দিন আগের ঘটনা৷ মাটি খুঁইড়া যাঁরা বাইর করল, তারাই কইব! আমরা তো কিছুই জানি না৷ আমরা শুধু নিরাপত্তাটা চাই৷’
সাতছড়ি উদ্যানে গতকালের সংবাদ ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, এটা পুরোনো কাহিনি কি না, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমান বলেন, ‘তদন্তের পর জানা যাবে৷’
স্থানীয় পাইকপাড়া ইউপির চেয়ারম্যান আবদুল ওয়াহেদ জানান, সাতছড়ি উদ্যানের গভীর জঙ্গলে অস্ত্র থাকতে পারে, তা আমাদের কল্পনাতেও ছিল না৷ জঙ্গলে বসবাসকারী আদিবাসীরা অত্যন্ত নিরীহ প্রকৃতির৷ তাঁদের সঙ্গে বাইরের লোকজনেরও কোনো যোগাযোগ নেই৷