শাহবাগে গণজাগরণ মঞ্চের সমালোচনা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘দেশের কোথায় পতাকা উড়বে, সেটি তারা ঘোষণা দেওয়ার কে? তারা কি সরকার হয়ে গেছে নাকি? এত ধৃষ্টতা মেনে নেওয়া যায় না।’গতকাল বুধবার রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে বরিশাল, গাজীপুর ও যাত্রাবাড়ীর কিছু আলেমের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘দুঃখ লাগে শাহবাগ চত্বরের কথা চিন্তা করে। কিন্তু তারা যা করছে, তা কিছুতেই গ্রহণযোগ্য নয়।’আন্দোলনকারীদের উদ্দেশ করে এরশাদ বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রাক্কালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু ছিলেন নির্বাচিত ও অবিসংবাদিত নেতা। তিনি যেটা নির্দেশ দিয়েছিলেন, বাংলার মানুষ রক্ত দিয়ে বরণ করেছিল। তোমরা কি বঙ্গবন্ধু হয়ে গেছ? তোমরা কি নির্বাচিত নেতা? কী করে তোমরা নির্দেশ দাও? এত ধৃষ্টতা ঠিক নয়।’জাপায় যোগদানকারী কয়েকজন আলেম শাহবাগ আন্দোলন ও ব্লগে আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে কথিত কুরুচিপূর্ণ লেখালেখির সমালোচনা করেন। তাঁরা এ বিষয়ে জাতীয় পার্টির সুস্পষ্ট অবস্থান জানত চান। এর জবাবে এরশাদ বলেন, ‘অনেকে টিভি টকশোতে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার কথা বলেন। ধর্মের বিরুদ্ধে নানা কথা বলা হচ্ছে, এসব কথা সহ্য হয় না। ধর্মনিরপেক্ষ দেশ ভারতে এবং গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্যেও ধর্মভিত্তিক দল রয়েছে।’