নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের সমালোচনাকারীদের ‘নিচুমনা’ মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, ‘এত নিচুমনা মানুষেরা রাজনীতিবিদ হওয়ার উপযুক্ত নয়।’গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাপ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এ মন্তব্য করেন। ফারাক্কার লংমার্চের ৩৬তম বার্ষিকী উপলক্ষে এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।মওদুদ বলেন, ড. ইউনূস ও ফজলে হাসান আবেদ নিজগুণ ও সফলতায় বিশ্বব্যাপী পরিচিত। যেসব মন্ত্রী তাঁদের বিরুদ্ধে যা-তা বলছেন, এতে তাঁদের এতটুকু সম্মান কমবে না। কারণ, তাঁদের তুলনায় ওই সব মন্ত্রীদের কোনো স্থান নেই। তিনি সমালোচকদের উদ্দেশ করে বলেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আপনার জীবনে তাঁদের (ইউনূস-আবেদ) অর্জনের কতটা করতে পেরেছেন?’ মওদুদ আহমদ বলেন, ‘আমরা সৈয়দ আশরাফকে চিনি, দিলীপ বড়ুয়াকেও চিনি। আমরা আমাদেরকেও চিনি। ইউনূস ও আবেদ সম্পর্কে বলার কোনো যোগ্যতা আপনাদের নেই।’ তিনি বলেন, ‘আমি তো এসব ব্যক্তির সমালোচনা করার কথা কল্পনাও করতে পারি না। কারণ, আমি তাঁদের পায়ের তুল্যও নই।’বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমানের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, এনডিপির সভাপতি গোলাম মর্ত্তুজা, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন।শিল্পমন্ত্রীকে সতর্ক করল বিকল্পধারা: ড. ইউনূস ও ফজলে হাসান আবেদকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সমালোচনা করেছে বিকল্পধারা বাংলাদেশ। দলটি শিল্পমন্ত্রীকে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। গতকাল শনিবার বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান এক বিবৃতিতে এ পরামর্শ দেন। তিনি বলেন, ‘টেকনোক্র্যাট কোটার মন্ত্রী দিলীপ বড়ুয়া রাজনীতিবিদ হলেও কোনো নির্বাচনে বিজয়ী হওয়ার রেকর্ড তাঁর নেই। যিনি নিজের জনপ্রিয়তা যাচাই করতে ব্যর্থ, তাঁর কণ্ঠে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. ইউনূস ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের জনপ্রিয়তা যাচাই করার পরামর্শ দেওয়া মানায় না।’ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা বলায় শিল্পমন্ত্রী গত শুক্রবার এক আলোচনা সভায় ড. ইউনূস ও ফজলে হাসান আবেদের সমালোচনা করে বলেন, ‘আপনাদের যদি তত্ত্বাবধায়ক সরকার এতই ভালো লাগে, তাহলে আপনারা রাজনীতিতে আসুন। রাজনীতিতে এসে কথা বলুন।’আড়াই শ শিক্ষকের বিবৃতি: ড. ইউনূস ও ফজলে হাসান আবেদ সম্পর্কে কয়েকজন মন্ত্রীর ‘কটূক্তির’ প্রতিবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আড়াই শ শিক্ষক। বিএনপি-জামায়াত সমর্থক হিসেবে পরিচিত সাদা দলের এসব শিক্ষক গতকাল এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রীদের কটূক্তি সারা বিশ্বের অগণিত মানুষকে মর্মাহত ও ব্যথিত করেছে। দেশের একমাত্র নোবেল বিজয়ীর প্রতি যে অসম্মান ও অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। মন্ত্রীদের এসব অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যে আমরা লজ্জিত ও ক্ষুব্ধ। ব্যক্তিগত প্রতিহিংসাবশত এসব মন্তব্য কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।’ বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে রয়েছেন, সাবেক উপাচার্য এস এম এ ফায়েজ, সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, সদরুল আমিন, তাজমেরী এস এ ইসলাম, মো. আমিনুর রহমান মজুমদার প্রমুখ।