এত পটকা এল কোত্থেকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টার দিকে মিরপুরের কালশীতে পৌঁছে দেখা গেল নতুন রাস্তা পুলিশ ঘিরে রেখেছে। রাস্তায় পড়ে আছে ছোট-বড় ইট, পাথরের টুকরা।


রাস্তার পশ্চিম পাশের বিহারি ক্যাম্পে ঢুকতেই নাকে এসে লাগল কাঁদানে গ্যাসের ঝাঁজালো গন্ধ। সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা গেল জানালার কাচগুলো ভাঙা। ভিড় ঠেলে ক্যাম্পের কার্যালয়ে যেতেই সেখানে দেখা গেল আগুনে পোড়া নয় লাশ।
রাতে শবে বরাতের নামাজ পড়ে তাঁরা ঘুমিয়েছিলেন। কে ভেবেছিল, একটু পরে তাঁদের লাশ হতে হবে! কিন্তু মুহূর্তেই সব শেষ!

যে বিষয়টিকে কেন্দ্র করে এই ১০ জনের প্রাণ গেল তার নাম ‘পটকা’। পটকা নামের এই হাতবোমা ফোটানোকে কেন্দ্র করে ফজরের আজানের পরই শুরু সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীদের চোখে এবারের পটকা ফোটানো ছিল অবাক করবার মতোই।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পের পাশের পুনর্বাসন প্লটের বাসিন্দা জব্বার চৌধুরী বলেন, ‘দেশ স্বাধীন হওয়া দেখেছি। এমন পটকা ফোটানো আমরা দেখি নাই। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে পটকা ফোটানো হয়েছে। ধোঁয়ায় পুরো এলাকা কালো হয়ে গেছে। মনে হয় যেন যুদ্ধ চলছে।’

জব্বার চৌধুরীর প্রশ্ন, পুলিশের নিষেধাজ্ঞা থাকার পরও এত পটকা কীভাবে এল? প্রকৃত রহস্য উদঘাটন করতে পটকার উত্স খুঁজে বের করা দরকার বলেও তিনি মনে করেন।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী বিহারি ক্যাম্পের বাসিন্দা মো. শওকত জানান, নামাজের পর থেকে বিহারি ক্যাম্পের ও বাওনিয়াবাদ বস্তি এলাকার ছেলেরা পটকা ফোটানো শুরু করে। একপক্ষ একটি ফোটালে অন্যপক্ষ দুইটি ফোটায়। এমন করতে করতে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এটি পরে সংঘর্ষে রূপ নেয়।

আগের বছরগুলোর তুলনায় এবার অনেক বেশি পটকা ফোটানো হয়েছে দাবি করে তিনি বলেন, বৃষ্টির মতো পটকা ফুটছে। এত পটকা কোনো দিনই তিনি ফুটতে দেখেননি।

ক্যাম্পের পাশের পুনর্বাসন প্লটের ৪৬/১ নম্বর বাড়ির বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী মাজেদা সুলতানা জানান, প্রচণ্ড শব্দে তিনি ছাদে যান। প্রচণ্ড শব্দের সঙ্গে কালো ধোঁয়া দেখতে পান। তাঁর জন্ম ওই এলাকায় দাবি করে তিনি বলেন, ‘জন্মের পর থেকে এমন পটকা ফাটানো কোনদিনই দেখি নাই।’