এত বাক্স্বাধীনতা কেউ ভোগ করে না: মোশাররফ
পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের সাংবাদিকদের মতো এতটা বাক্স্বাধীনতা কেউ ভোগ করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল রোববার রাজধানীর শিল্পকলা একাডেমীতে ২১ আগস্ট গ্রেনেড হামলার ছবি প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশাররফ এই মন্তব্য করেন। এ প্রদর্শনীর আয়োজন করে যুবলীগ।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দেশে অবিচলভাবে গণতন্ত্রের মুক্তচর্চা বিরাজমান। আপনারা যদি সাংবাদিকতার স্বাধীনতা দেখেন; পৃথিবীর ইতিহাসে এতটা বাকস্বাধীনতা কেউ এনজয় করে না। যেটা আমাদের সাংবাদিকেরা করেন।’
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিরোধীপক্ষ থাকবে রাস্তায়, সরগরম করবে। সব সময় সমালোচনা করবে, দোষ-ত্রুটি দেখবে। এখন আমরা আমাদের নিজেদের কথা কইতেছি। এখন জাতিরে তো গরম রাখতে হবে।...এখন যদি আমাদের বিরুদ্ধে কথা বলার লোক না থাকে, আমাদের নিজেদের তো কথা কইতে হবে, নাকি? এটা তো আমাদের দায়িত্ব।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে খন্দকার মোশাররফ বলেন, ‘উনি কী করলেন? নিজের বাড়ি থেকে অফিসে এসে বসলেন। বসেই বললেন, “আমি অবরুদ্ধ”। উনি মনে করলেন, ঘরের মধ্যে থেকে উনি যদি জানালা-দরজা বন্ধ করে দেন তাহলে সারা দেশের মানুষ রাস্তায় নেমে যাবে। আর আওয়ামী লীগকে একেবারে ফুঁ দিয়া উড়ায় দিয়ে যাবেন। ম্যাডাম, আওয়ামী লীগ তো সেই জিনিস না। আপনি আওয়ামী লীগের ‘‘অ’’-টুক দেখছেন মাত্র।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।