এত মৃত্যু, এত রক্ত, তবু বিকার নেই

বাসের ভেতর থেকে রক্তের যে ফোয়ারা ছুটছিল, তা ভুলতে পারছেন না শাহরিয়ার। মানুষের চিৎকার আর আহাজারি এখনো তাঁর কানে বাজে। ধ্বংসস্তূপ থেকে তিনিসহ কয়েকজন টেনে টেনে বের করেছেন ক্ষতবিক্ষত মানুষগুলোকে।
শাহরিয়ার নারায়ণগঞ্জের সোনারগাঁর টিপুরদি এলাকায় একটি কারখানার নিরাপত্তাকর্মী। ওই কারখানার সামনেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সোমবার কনটেইনারবাহী একটি ট্রেলারের পেছনে বেপরোয়া গতির একটি বাস ধাক্কা দিলে ১০ জন প্রাণ হারান। আহত হন আরও অন্তত ২৬ জন।
প্রাণঘাতী এ দুর্ঘটনার জন্য বেপরোয়া চালনাকেই দায়ী করছেন বাসমালিক, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার পরে তাঁরা চালককে পালিয়ে যেতে দেখেছেন।
ঘটনাস্থল ঢাকা থেকে ২৮ কিলোমিটার দূরে। কাঁচপুর সেতুর পর মদনপুর পার হয়ে একটা ছোট্ট বাঁকের মুখে এখনো পড়ে আছে ভাঙা কাচ, ছেঁড়া ব্যাগ, জুতা, বাসের আসনসহ অনেক যন্ত্রাংশ। সেই ট্রেলারটিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে উল্টো পথে প্রচুর যানবাহন চলতে দেখা গেল।
ঘটনাস্থলের উল্টো দিকের কেনটাকি নিট কম্পোজিট কারখানা। এখানেই কাজ করেন শাহরিয়ার। তাঁর সঙ্গে কারখানার অন্য নিরাপত্তাকর্মী খোকন, মনির, আবদুল্লাহসহ কয়েকজন দুর্ঘটনার পর ছুটে গিয়েছিলেন। শাহরিয়ার সেদিন ফটকেই দায়িত্ব পালন করছিলেন।
শাহরিয়ার বলেন, এ বাঁকে এর আগেও তাঁরা দুর্ঘটনা দেখেছেন। তবে সোমবারের দুর্ঘটনার ভয়াবহতা সবকিছুকেই ছাড়িয়ে যায়।
মনির বলেন, তিনি তখন গেটে। বিকট আওয়াজ শুনে তাঁরা ফটকের দরজা খুলে সামনেই বিধ্বস্ত হয়ে যাওয়া বাসটি দেখতে পান। ভেতর থেকে চিৎকার আর কান্নার শব্দ আসছিল। এর মধ্যেই তাঁরা বাসের স্টিয়ারিং সিট থেকে চালককে নেমে যেতে দেখেন। টি-শার্ট ও প্যান্ট পরা চালকের ডান হাত থেকে রক্ত ঝরছিল। বাঁ হাতে ক্ষত চেপে ধরে চালক উল্টো দিকে দৌড় দেন। বাসের কাছে দৌড়ে এসে দেখেন দুই গাড়ির সঙ্গে চ্যাপ্টা হয়ে রয়েছেন তিনজন। বাসের ভেতর থেকে দুটি শিশুসহ রক্তাক্ত কয়েকজনকে উদ্ধার করা হয়। রাস্তার ওপর ট্রাক, টেম্পো থামিয়ে হতাহত ব্যক্তিদের তাতে তুলে হাসপাতালে পাঠানো হয়।
নিরাপত্তাকর্মী খোকন বলেন, কয়েকজনের ফিনকি দিয়ে রক্ত ছুটছিল। এক মা তাঁর ছেলেকে খুঁজছিলেন। যাঁরা তুলনামূলক কম আহত, তাঁদের গন্তব্যে পৌঁছাতে অন্য বাসে তুলে দেওয়া হয়।

নিরাপত্তাকর্মীরা বলেন, যে ট্রেলারটিকে বাসটি পেছন থেকে ধাক্কা দিয়েছে, সেটি দুর্ঘটনার দু-এক মিনিট আগেই সেখানে এসেছিল বলে তাঁদের ধারণা। আবার এমনো হতে পারে, ট্রেলারটি চলছিল। হঠাৎ করে থেমে যাওয়ায় বাসটি সেটির পেছনে লাগিয়ে দিয়েছে। মূলত বাসটির বাঁ পাশ ট্রেলারটির ভেতরে কয়েক ফুট ঢুকে যায়। চালকের আসনসহ ডান দিকটা মোটামুটি অক্ষত ছিল।
মামলা
দুর্ঘটনার বিষয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি মামলা করেন হাইওয়ে পুলিশের শিক্ষানবিশ সহকারী উপপরিদর্শক (এটিএসআই) মমিনুল হক। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্ত করবে হাইওয়ে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম প্রথম আলোকে বলেন, এখনো দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনই পুরুষ। একজনের পরনে লুঙ্গি ও শার্ট। আরেকজনের পরনে জিনস প্যান্ট ও টি-শার্ট রয়েছে। এঁদের মধ্যে কেউ বাসের কর্মী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর বাসের চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। বাসটি মেঘনা ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়েছে। বাসটি মদনপুর এলাকায় একটি রিকশাকে চাপা দিয়ে পালিয়েছিল বলে দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা যে তথ্য দিয়েছেন, সেই রিকশাটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি বলে জানান এসআই আলিম।
বেপরোয়া গতি
বাসের চালকের বিষয়ে খোঁজ নিতে সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে জানা গেছে, চালকের নাম মো. শিপন। বয়স আনুমানিক ৩০ বছর। শিপনের কোনো খোঁজ জানেন না বলে জানান সিডিএম পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরা। সিডিএম পরিবহনটি চালায় ঢাকা-চট্টগ্রাম বাস মালিক সমিতি। সিডিএমের পূর্ণ রূপ চট্টগ্রাম-ঢাকা মালিক সমিতি। এখানে বিভিন্ন মালিকের গাড়ি সিডিএমের নামে চলে।
চট্টগ্রাম ঢাকা মালিক সমিতির সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, যে বাসটি সোমবার দুর্ঘটনা ঘটিয়েছে, তার মালিক কবীর হোসেন ভূঁইয়া। বাসটির চালক শিপনের কোনো খোঁজ পাওয়া যায়নি। শিপনের বাবা এবং ভাইয়েরাও বাসচালক। তাঁরা শিপনকে খুঁজে বেড়াচ্ছেন।
টার্মিনালের ভেতরে আনোয়ারের সঙ্গে কথা বলার সময় কয়েকজন পরিবহন মালিক ও শ্রমিক ভিড় করেন। তাঁরা সবাই দাবি করেন, দুর্ঘটনাকবলিত বাসটি (ঢাকা মেট্রো ব ১৪-০৮২৬) ছিল জাপানি হিনো কোম্পানির। বাসটি সড়কে চলাচল উপযোগী এবং এর ফিটনেস সনদ ছিল। তাঁদের ধারণা, রিকশাকে ধাক্কা মারার পর পালাতে গিয়ে চালক সর্বোচ্চ গতিতে বাসটি চালাচ্ছিলেন। আর এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুমড়েমুচড়ে যাওয়া বাসটি দেখে তাঁদের ধারণা, বাসটির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি ছিল।
তবে পরিবহনশ্রমিকেরা বলেছেন, ওই মহাসড়কে সব সময়ই উল্টো পথে গাড়ি চলে। এ কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ওই বাসচালকও এ রকম কিছুর মুখোমুখি হয়েছিলেন কি না, সেটি তাঁরা খতিয়ে দেখার দাবি করেন।
অহরহ উল্টো পথে
মঙ্গলবার দুর্ঘটনাস্থলে আধা ঘণ্টা দাঁড়িয়ে দেখা যায়, প্রায় প্রতি মিনিটেই একটি করে রিকশা, অটোরিকশা এমনকি বড় বাস, ট্রাক, কংক্রিট মিক্সচার ট্রাক, কাভার্ড ভ্যান উল্টো পথে চলছে। যাত্রাবাড়ীর কুতুবখালীতে যেখানে ফ্লাইওভারটি নেমেছে, সেখান থেকেই শুরু হয়েছে উল্টো চলার রীতি। বাস, টেম্পো ও মোটরচালিত রিকশাগুলোকেও চলতে দেখা গেল উল্টো পথেই।
সাইনবোর্ড মোড়ে দেখা গেল, দুজন পুলিশ সদস্য লাঠি হাতে বাঁশি বাজাতে বাজাতে অস্থির। তবে কেউ তাঁদের পাত্তা দিচ্ছেন না। ট্রাফিক কনস্টেবল ট্রাকচালককে ‘এই থাম থাম’ বলতে বলতেই চালক ট্রাকের মাথা মাঝরাস্তা পর্যন্ত নিয়ে গেলেন। সিদ্ধিরগঞ্জেও একই অবস্থা। কাঁচপুর সেতু পার হয়ে নামার পরই অবস্থা খুবই ভয়াবহ। অবশ্য কাঁচপুর সেতুর ওপর দিয়ে উল্টো পথে চলতে দেখা গেল না। কাঁচপুর পার হতেই মদনপুর, রতনদি, টিপুরদি এলাকায় অহরহ উল্টো পথে যানবাহন চলছে।
একজন রিকশাচালককে থামিয়ে জিজ্ঞেস করা হলো উল্টো পথে চলছেন কেন? তিনি হেঁসে বললেন, ‘কাটা (ক্রসিং) অনেক দূর’। রিকশাযাত্রী কটমটিয়ে তাকিয়ে বললেন, ‘আপনার তাতে কী, আপনি সোজা পথে যান গা।’
ঘটনাস্থলসহ রাস্তাজুড়ে দেখা গেল, দুই পাশে পার্ক করা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান। আর গতকাল এ রকম থেমে থাকা ট্রেলারের পেছনেই দ্রুতগামী বাসটি ধাক্কা দেয়। এরপরও কারও কোনো বিকার নেই।