এত যানজট আগে দেখেনি সিলেটের মানুষ
যানজটের নগরীতে পরিণত হয়েছে সিলেট। দেড় মাস ধরে রাস্তায় গাড়ির জটে পড়ে সবার নাভিশ্বাস ওঠার পালা। এত যানজট আগে দেখেননি বলে অনেকের অভিমত।
গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ ১০টি মোড় ঘুরে সব কটিতেই তীব্র যানজট দেখেছেন এ প্রতিবেদক। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৩০ জন ব্যক্তির সঙ্গে কথা হয়। তাঁরা সবাই একবাক্যে বলেছেন, সিলেটের রাস্তায় আগে কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি তাঁরা।
বড়বাজার এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব আবদুল হাকিম বলেন, ‘আমার জীবনে সিলেট শহরে এত দীর্ঘ সময়ব্যাপী যানজট কখনোই দেখিনি।’
মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের দাবি, মহাসড়কে নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশাগুলো নগরে ঢুকে পড়েছে। এ কারণে যানজট আগের চেয়ে বেড়েছে।
নগরবাসী বলছেন, অপ্রশস্ত সড়ক, ফুটপাত দখল, গাড়িচালকদের খামখেয়ালি ও প্রতিষ্ঠানগুলোর পার্কিং-ব্যবস্থা না থাকাটাও যানজটের জন্য দায়ী। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত গাড়ির জট লেগে থাকে রাস্তায়। এতে জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে।
বন্দরবাজার, সিটি পয়েন্ট, সুরমা পয়েন্ট, তালতলা, কাজিরবাজার, লালদিঘিরপার, ধোপাদিঘিরপার, সোবহানীঘাট, শিবগঞ্জ, মীরাবাজার, টিলাগড়, নাইওরপুল, জেলরোড, নয়াসড়ক, কুমারপাড়া, বারুতখানা, জল্লারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, পুলিশ লাইনস, পাঠানটোলা, আম্বরখানা, জিন্দাবাজার ও চৌহাট্টায় যানজট পরিস্থিতি সবচেয়ে খারাপ।
গতকাল বেলা দেড়টার দিকে গৃহিণী আমেনা বেগম তাঁর দুই সন্তান নিয়ে বাগবাড়ি থেকে জিন্দাবাজার যাচ্ছিলেন। তিনি বলেন, বাগবাড়ি থেকে রিকশাযোগে জিন্দাবাজার যেতে সচরাচর ২০ মিনিট লাগে। কিন্তু এখন লাগে এক থেকে দেড় ঘণ্টা।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বলেন, মহাসড়কের অন্তত ১৮ হাজার নিষিদ্ধ অটোরিকশা নগরে ঢুকেছে। এ জন্য যানজট অসহনীয় রূপ নিয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘অবৈধ রিকশা ও অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আমরা প্রায়ই অভিযান চালাই। ফুটপাত উচ্ছেদেও ব্যবস্থা নিই। তবে পুলিশেরও উদ্যোগ নেওয়া উচিত।’