এত শব্দ করে কী মাটিতে পড়ে বড় গর্ত সৃষ্টি করল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় বিকট শব্দে অজানা কোনো বস্তু মাটিতে পড়েছে। ওই স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় এলাকাবাসী সেখানে বোমা পড়েছে বলে ধারণা করছে। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেছে, সেখানে কোনো বস্তু নেই।
স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বিকেল পৌনে চারটার দিকে হঠাৎ বিকট শব্দে সবাই আঁতকে ওঠেন। তাঁরা অজানা একটি বস্তু বাড়ির পাশের জমিতে পড়তে দেখেন।
স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। বস্তুটি এত গভীরে ঢুকেছে যে তা গর্ত খুঁড়ে বের করা মুশকিল। তাঁর ধারণা, এটি কোনো বাহিনীর মর্টার হতে পারে।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের দলটিতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) বেলায়েত উল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি একটি বড় গর্ত দেখতে পেয়েছেন। তাঁদের ধারণা, সেখানে কোনো বিস্ফোরক নেই। তবে সেটি কিসের গর্ত, তা বোঝা যাচ্ছে না।