ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঘরমুখো যাত্রীদের মতো তিনি নিজেও দুর্ভোগের আশঙ্কা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁরা সেই পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছেন। এত স্বস্তিদায়ক পরিস্থিতি আর কখনো ছিল না।
গতকাল শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, যানজটের প্রধান কেন্দ্রবিন্দু ছিল চন্দ্রা মোড়। গত কয়েক বছর এই চন্দ্রাই ছিল বিষ ফোঁড়া। যানজটের উৎসটাই ছিল এখানে। সেখানে এবার ঈদের আগে দেড় কোটি টাকা ব্যয়ে রাস্তা সম্প্রসারণ করায় স্থায়ীভাবে যানজট সমস্যার সমাধান করা গেছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, মহাসড়ক পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দিকসহ গাজীপুর ও মানিকগঞ্জের সড়ক ও জনপথের কর্মকর্তারা।
মন্ত্রী আরও বলেন, ‘মাত্র ১০ দিন আগে যে ছবি ছিল আজকে সেই ছবি পাল্টে গেছে। তখন কিন্তু কেউই ভাবেনি এমনটা। কেউ বলেছে মহাযন্ত্রণা, কেউ বলেছে মহাদুর্ভোগ। দুর্ভোগের আশঙ্কা করেছেন অনেকেই, যাত্রীদেরও আশঙ্কা ছিল, আমি নিজেও আশঙ্কা করেছিলাম। আমি আশা করি, শেষ পর্যন্ত যানজটমুক্ত পরিবেশে যাত্রীরা ঈদ উৎসব পালন করতে পারবে।’
এর আগে মন্ত্রী যানজট নিয়ন্ত্রণে রাখতে চন্দ্রা মোড়ে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।