এতিম এক কনের পাশে সুধীমহল
রংবেরঙের কাগজ দিয়ে সাজানো হয়েছে ভবনের বাইরের চারপাশ। রঙিন কাগজ ও জরি দিয়ে সাজানো হয়েছে ঘরগুলো। একটি মাইক্রোবাস ও একটি মিনিবাস ভরে ৪০ জন বরযাত্রী এসেছেন। হয় গেট ধরাধরি। বিয়ে পড়ানো। বাদ যায়নি বরের জুতা চুরির বিষয়টিও। আনন্দ, হাসি-কান্না মেশানো এই অনুষ্ঠানে শরিক হয়েছিলেন জেলা প্রশাসক হেলালুদ্দিনসহ ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিরা। গত শুক্রবারটি একটি ব্যতিক্রম দিন হয়ে থাকবে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশুসদনের (বালিকা) ১৬৫ জন নিবাসী ও কর্মকর্তা-কর্মচারীদের কাছে। ওই দিন শিশুসদনের এতিম তরুণী জরিনা আক্তারের (১৮) বিয়ে হয়। বর সৌদি প্রবাসী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূর মোহাম্মদ (৩০)।শিশুসদন সূত্রে জানা গেছে, ওই গ্রামেরই মেয়ে জরিনার জন্মের ছয় মাসের মধ্যে তাঁর বাবা জমসের মুন্সি মারা যান। জরিনার মা অন্যত্র বিয়ে করেন। মেয়ের আশ্রয় হয় ফরিদপুর শিশুসদনে।গোপীনাথপুর গ্রামের নূরজাহান বেগম তাঁর সৌদি প্রবাসী ছেলে নূর মোহাম্মদের জন্য কনে দেখতে গিয়ে পছন্দ করেন জরিনাকে। বিয়ের পর কনের বাবা হিসেবে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল্লাহ মেয়েকে তুলে দেন বরের মা নূরজাহান বেগমের হাতে।দুই লাখ এক টাকা দেনমোহরে বিয়ে পড়ান নিকাহ্ রেজিস্ট্রার জাকির হোসেন। বিয়ে উপলক্ষে জেলা প্রশাসক ছাড়াও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মো. আজিজুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল হাসান, ফরিদপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ, আওলাদ হোসেন, নাজনীন হায়দার, আইভী মাসুদ, আসমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।বর নূর মোহাম্মদ জানান, বাসরঘরে কনের হাতে পরিয়ে দেওয়ার জন্য সৌদি আরব থেকে ২৪ হাজার রিয়াল মূল্যের (চার লাখ টাকা) হীরকখচিত একটি ঘড়ি নিয়ে এসেছেন তিনি। তাঁরা মধুচন্দ্রিমা করতে চট্টগ্রাম, কক্সবাজার ও সেন্ট মার্টিন যাবেন বলে ঠিক করেছেন।