এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করলেন খালেদা
বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পবিত্র রমজানের প্রথম দিনে গতকাল শনিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এতিম শিশু ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করেছেন।এ সময় তিনি এতিম শিশু ও আলেম-ওলামাদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাজধানীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা থেকে দুই শতাধিক এতিম শিশু আমন্ত্রিত হয়ে ইফতার পার্টিতে যোগ দেয়।তাঁরা দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করেন। জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা এম এ মালেক মোনাজাত পরিচালনা করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া ও আব্দুল মঈন খান এবং বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এ সময় উপস্থিত ছিলেন। বাসস।