এতিম ও আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, শারীরিক প্রতিবন্ধী শিশু ও আলেম-ওলামাদের জন্য গতকাল বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার বিশিষ্ট আলেম-ওলামারা ইফতার মাহফিলে অংশ নেন। প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিলের কাছে গিয়ে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, ১৫ আগস্টের অন্যান্য শাহাদাত বরণকারী, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করে। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে জানান।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বিশ্বের ৪০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি সরকার, এনজিও ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দেশের গণতন্ত্রায়ণে নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন পর্যবেক্ষণ এবং বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি গড়ে তুলতে সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকে।
প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে রাজনীতিসহ দেশের সর্বস্তরে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। কোনো দেশই তার মূল জনগোষ্ঠীর একটি অংশকে বাদ দিয়ে উন্নয়ন করতে পারে না।...সুতরাং সমাজের সবাইকে সঙ্গে করেই আমাদের উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।’
শেখ হাসিনা আরও বলেন, সংসদে বর্তমান সাংসদদের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত ২১ জন নারী রয়েছেন। প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা, সংসদ উপনেতা ও হুইপ একজন নারী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।