এতিম ও প্রতিবন্ধীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে পবিত্র রমজানের প্রথম দিনে এতিম, অনাথ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী শিশু, আলেম-ওলামা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে এক ইফতারের আয়োজন করেন। খবর বাসসের। ইফতারের আগে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের সব শহীদ, জেলখানায় নিহত জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধ এবং সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।এর আগে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে প্রতিবন্ধী শিশু, এতিম, অনাথসহ ইফতার মাহফিলে আগত অতিথিদের সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে অন্যদের মধ্যে ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মুস্তফা শহীদ, প্রধামন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম প্রমুখ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।