আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠিয়ে বলা হয়েছিল, রানা প্লাজা দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়েছে এমন ৫০টি শিশু প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেবে। গণমাধ্যমকর্মীরাও সেভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন। কিন্তু শিশুদের সঙ্গে কথা বলতে চাইলে আয়োজকেরা আটকে দিলেন। পরে জানা গেল, কর্মসূচিতে অংশ নেওয়া শিশুরা রানা প্লাজার সঙ্গে সংশ্লিষ্ট বা এতিম নন।
এই চিত্র গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানের। অনুষ্ঠান চলাকালে দেওয়া ছাপা বিবরণীতে বলা আছে, ‘যে ৫০ শিশু আজ ২৪ এপ্রিল ২০১৭ সকাল সোয়া ৯টায় প্রদীপ প্রজ্বালন করে, তারা সবাই রানা প্লাজা দুর্ঘটনায় পিতা-মাতা হারানো এতিম।’ ‘জীবনের প্রদীপ জ্বালো’ শিরোনামের অনুষ্ঠানটির ব্যানারেও লেখা, ‘৫০ জন রানা প্লাজার এতিম শিশুর প্রদীপ প্রজ্বালন’।
অনুষ্ঠান শুরুর আগে শিশুদের সঙ্গে কথা বলতে গেলে ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার ও কোষাধ্যক্ষ নাসিমা আক্তার বাধা দেন। আরিফা বলেন, আরও শিশু আসছে। ওরা কথা বলবে। অপেক্ষমাণ জনা দশেক শিশুর পরিচয় জানতে তিনি তাদের ‘রানা প্লাজার এতিম’ বলে পরিচয় দেন। এরপর বৃষ্টি শুরু হলে সাতটি শিশু প্রেসক্লাবের গাড়ি-বারান্দায় আশ্রয় নেয়। তখন তাদের প্রত্যেকেই জানায়, তারা নিজ নিজ মা-বাবার সঙ্গে মিরপুর ১২ নম্বর এলাকায় থাকে। ৮ থেকে ১২ বছর বয়সী এই শিশুরা রানা প্লাজা সম্পর্কে কিছুই জানে না। এক শিশু বলে, তার ‘কাকা’ তাকে নিয়ে এসেছেন।
বৃষ্টির পর মূল অনুষ্ঠান শুরুর আগে ও চলাকালে প্রায় ২০টি শিশু এসে যোগ দেয়। এ সময় ইলেকট্রনিক মিডিয়ার দুজন সংবাদকর্মী শিশুদের সঙ্গে কথা বলতে গিয়ে বাধা পান। পরে ফেডারেশনের দুই নেতা বলেন, তাঁদের অফিসে এতিম শিশুরা আছে। সেখানে গেলে কথা বলা যাবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া শাপলা খাতুন নামের এক নারী বলেন, তিনি রানা প্লাজার শ্রমিক ছিলেন। ফেডারেশন থেকে তাঁকে বলা হয়েছে দুটি শিশুকে সঙ্গে আনতে। স্বপ্না বেগম বলেন, তিনি রানা প্লাজার শ্রমিক হিসেবে এসেছেন। অনুষ্ঠানে অংশ নেওয়া তাঁর শিশুসন্তান এতিম নয়।
জানতে চাইলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানে রানা প্লাজা দুর্ঘটনার ৫০টি এতিম শিশু ছিল। এক-দুজন কমবেশি হতে পারে।