এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় আজ সোমবার এ ইফতারের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
ইফতারের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসাটির প্রধান পৃষ্ঠপোষক আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধু এই মাদ্রাসায় বেশ কয়েকবার এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই মাদ্রাসার খোঁজখবর এবং খেয়াল রাখেন। তাঁর নজরে এই মাদ্রাসা রয়েছে। মাদ্রাসাটির বালিকা শাখার শিক্ষার্থীরা পরীক্ষায় খুব ভালো ফল করে। এ মাদ্রাসার ছেলেমেয়েরা আরও ভালো ফল করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে, উত্তরোত্তর উন্নতি হবে বলে তিনি আশা করেন।
ইফতার মাহফিলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও অংশ নেন।
রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানাটিতে ৫৯০ জন মেয়ে শিক্ষার্থীসহ ১ হাজার ২০০ জন শিক্ষার্থী প্রথম থেকে কামিল (স্নাতকোত্তর) পর্যায় পর্যন্ত পড়াশোনা করেন। ইফতারের অনুষ্ঠান শুরু হয় মাদ্রাসাটির শিক্ষার্থী মো. পারভেজের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর মাদ্রাসার বালক শাখার অধ্যক্ষ আবদুর রাজ্জাক, রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানার ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক জহিরুল হক বক্তব্য দেন।
এরপর মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানটির বালক শাখার অধ্যক্ষ আবদুর রাজ্জাক। মোনাজাতে আল্লাহর রহমত ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি প্রথম আলোর সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।
ইফতার পর্বে বিশেষ অতিথি ছিলেন জিএমএস কম্পোজিট নিটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, প্রতিষ্ঠানটির ট্রাস্টির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা, এতিমখানার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।