এতিমখানাটি চলছে কাগজে-কলমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিনের দোচালা একটি পাকা ঘরের বারান্দায় ‘আল-আমিন গাউছিয়া এতিমখানা’ নামের সাইনবোর্ড ঝোলানো। ভেতরের তিনটি কক্ষে মাদ্রাসার কয়েকজন আবাসিক ছাত্র থাকে। তারা সচ্ছল পরিবারের সন্তান। অন্যের বাড়িতে ছাত্র পড়ানোর বিনিময়ে তাদের খাবারের সংস্থান হয়। কিন্তু কাগজে-কলমে তাদের এতিম দেখিয়ে বরাদ্দ তুলে নেওয়া হয়।সমাজসেবা অধিদপ্তর ওই এতিমখানায় প্রতি মাসে সাত হাজার টাকা করে বরাদ্দ দিচ্ছে। কিন্তু পুরো টাকাই আত্মসাৎ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে এর সত্যতা মিলেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রানীখারে ওই এতিমখানার যাত্রা শুরু ১৯৮৪ সালে।আখাউড়া উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছর ওই এতিমখানার নামে ৮৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সর্বশেষ চলতি বছরের ২০ মার্চ সোনালী ব্যাংকের আখাউড়া শাখার ১৩৭০ হিসাব নম্বরের বিপরীতে ৪২ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। সমাজসেবা কার্যালয়ের জরিপ ফরমের তথ্যানুযায়ী, ২০১১-১২ অর্থবছরে ১০ জন এতিম ও পাঁচজন দুস্থ থাকার কথা উল্লেখ রয়েছে। তাদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত বাঁশ-বেত ও সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়। মনির হোসেনকে সহকারী শিক্ষক, আহম্মদ আলীকে আরবির শিক্ষক ও মোছেনা আক্তারকে গণিতের শিক্ষক হিসেবে কাগজপত্রে দেখানো হয়েছে।অনুসন্ধানে জানা যায়, মনির হোসেন এতিমখানার পাশের রানীখার সৈয়দ এমদাদুল বারী গাউছিয়া আলিম মাদ্রাসায় শরীরচর্চার শিক্ষক। আহম্মদ আলী ওই মাদ্রাসারই নৈশপ্রহরী। আর মোছেনা আক্তারের কোনো হদিস পাওয়া যায়নি।৭ অক্টোবর সরেজমিনে দেখা যায়, কথিত এতিমখানার তিনটি কক্ষই তালাবদ্ধ। পাশে থাকা ফটকবিহীন টিনের তৈরি ছোট রান্নাঘরে চুলার অস্তিত্ব পাওয়া যায়নি। সেখানে শিক্ষক ও এতিমের দেখাও মেলেনি। এতিমখানার সম্পাদক ও মাদ্রাসার অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম বলেন, ‘কাগজপত্রে সাতজন এতিমের নাম আছে। এখন কোনো এতিম নেই। বিগত সময়ে সমাজসেবা অধিদপ্তরের পর্যবেক্ষক দল এসে আমাদের এতিম সংগ্রহ করার কথা বলে যায়। কিন্তু এখন এতিম পাওয়া যায় না। তবে আমরা এতিম আনার চেষ্টা করছি।’ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা শারমিন রহমান চৌধুরী বলেন, ‘আমার জানামতে এখানে কোনো এতিম থাকে না। যাদের এতিম দেখানো হয়, তাদের সবারই মা-বাবা আছে। তদন্ত প্রতিবেদন তৈরি হওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’