এতিমখানার নামে কয়েক লাখ টাকা লোপাট
বরগুনা সদর উপজেলার সরকারি তালিকাভুক্ত ৪৫টি এতিমখানার প্রায় অর্ধেকেরই অস্তিত্ব নেই। নামসর্বস্ব এসব প্রতিষ্ঠানে এতিমদের তালিকা দিয়ে সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দ লাখ লাখ টাকা সংশ্লিষ্ট লোকেরা লোপাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় সরকারি অনুদান পাওয়া ৪৫টি এতিমখানা রয়েছে। এসব এতিমখানায় ২০১০-১১ অর্থবছরে ৫০৭ জন এতিমকে মাথাপিছু প্রতি মাসে ৭০০ টাকা করে ২০ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি নিয়মানুযায়ী যেসব এতিমখানায় ১০ জনের কম এতিম আছে সেসব প্রতিষ্ঠান এই বরাদ্দ প্রাপ্তির ক্ষেত্রে বিবেচ্য হবে না। কিন্তু বরগুনা সদর উপজেলার ৪৫টি এতিমখানার মধ্যে ২৭টিতেই ১০ জনের কম এতিম রয়েছে। সম্প্রতি সদর উপজেলার কয়েকটি এতিমখানা ঘুরে এ ধরনের অনিয়মের চিত্র পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি এতিমখানায় কোনো এতিমই নেই। বরগুনা শহরের উপকণ্ঠে ক্রোক এলাকায় অবস্থিত কেরামতিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে দেখা যায়, সেখানে মাদ্রাসার পেছনে গাছের সঙ্গে এতিমখানার একটি সাইনবোর্ড ঝোলানো। এতিমখানা হিসেবে দেখানো হয়েছে স্থানীয় একটি বাড়ির বৈঠকখানাকে। এলাকার শহিদুল ইসলাম জানান, তিন-চার বছর ধরে এখানে এতিমখানার কোনো কার্যক্রম নেই। বৈঠকখানাটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে। এই এতিমখানায় তিনজন এতিমের নামে সরকারি বরাদ্দ দেওয়া হচ্ছে। এতিমখানার পরিচালক ও ওই মাদ্রাসার সুপার মাহবুবুর রহমান গত বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে দাবি করেন, ‘আমার এতিমখানায় ২০ জন এতিম আছে। আমি ঢাকায় আছি। ফিরে এসে আপনার সঙ্গে কথা বলব।’ একইভাবে উপজেলার মধ্য কেওড়াবুনিয়া নাজির শিশুসদন ও দাখিল মাদ্রাসার নামে নয়জন এতিমের নামে ৩৭ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে সেখানে কোনো এতিম পাওয়া যায়নি। এতিমখানা-সংলগ্ন মসজিদের ইমাম ইদ্রিসুর রহমান মাদ্রাসার কয়েকজন ছাত্রকে ডেকে এনে এতিমখানার বাসিন্দা বলে পরিচয় করিয়ে দেন। এদের মধ্যে কথিত এতিমখানার বাসিন্দা মো. সগির হোসেন কথা প্রসঙ্গে জানায়, সে এতিমখানা-সংলগ্ন মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা থেকে বাড়ির দূরত্ব কম হলেও পড়াশোনার সুবিধার্থে সে এতিমখানায় থাকে। তবে প্রতিদিন বাড়ি থেকে খাবার নিয়ে আসে। এ সময় ওই ইমাম মসজিদের পাশে রান্নাবান্নার চুলা দেখালেও এলাকার বাসিন্দা পনু খান জানান, কিছুদিন আগে এই মসজিদে তাবলীগ জামায়াতের লোকজন এসেছিলেন। তাঁরা এই চুলা বানিয়েছিলেন। এই এতিমখানার পরিচালক ও মাদ্রাসার সুপার মো. ফারুক হোসেন বলেন, ‘আমার এতিমখানায় সব সময় ১৫-২০ জন এতিম থাকে। কিন্তু বরাদ্দ পাই নয়জনের।’একইভাবে সদর উপজেলার কে শিংড়াবুনিয়া শিশুসদন, নেছারাবাদ এতিমখানা, দক্ষিণ পাকুরগাছিয়া ইসলামিয়া শিশুসদন, হরিদ্রাবাড়িয়া শিশুসদন, পশুরবুনিয়া শিশুসদন, পূর্ব হাজারবিঘা-বটতলা শিশুসদন, দক্ষিণ লতাবাড়িয়া ইসলামিয়া শিশুসদনসহ আরও কয়েকটি এতিমখানার প্রায় একই অবস্থা। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মামুন অর রশিদ বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আমরা শুধু এতিমখানাগুলোর তালিকা পাঠাই আর এসবের অনুমোদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। রাজনৈতিক চাপে আমরা অনেক সময় এসব অনিয়ম করতে বাধ্য হই। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেব।’