এতিমখানায় অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি এতিমখানায় গতকাল মঙ্গলবার অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী এতিমখানা ঘেরাও এবং এতিমখানার তত্ত্বাবধায়কসহ অন্যদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বিকেলে ফতুল্লার মুসলিমনগর সরকারি শিশুসনদ ও এতিমখানায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মো. নওশীনের (১০) মৃত্যুর হয়। এতিমখানাটি সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন। নওশীন এক মাস ধরে জ্বরে ভুগছিল। গতকাল দুপুরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে শহরের মন্ডলপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা এ ঘটনার জন্য এতিমখানার উপ-তত্ত্বাবধায়ক রুহুল আমিন ও সহকারী তত্ত্বাবধায়ক উষা রানী মিত্রসহ অন্যদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনে। রাত নয়টার দিকে এলাকার লোকজন এতিমখানা ঘেরাও করে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। তবে রুহুল আমিন তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।