এতিমখানায় ওরা তিন বোন

ওরা তিন বোন। বয়স পাঁচ থেকে এগারো বছরের মধ্যে। ওরা এখন থাকে এতিমখানায়। তাদের বাবা ইব্রাহীম। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার শিকার একজন এই ইব্রাহীম।
ইব্রাহীম যখন বেঁচে ছিলেন তখন তিন বোনই বাবা-মায়ের সঙ্গে বাড়িতে থাকত। বাবা খুন হওয়ার পর ভরণ-পোষণের কোনো উপায় না পেয়ে তিন বোনকেই এতিমখানায় দিতে বাধ্য হন মা রহিমা বেগম। বাবার সাহায্যে কোনোমতে বেঁচে আছেন রহিমা।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে চার সঙ্গীসহ গাড়িতে ফিরছিলেন। পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় তাঁরা অপহৃত হন। ওই সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন আইনজীবী চন্দন সরকার। ঘটনাটি দেখে ফেলায় তাঁকে ও তাঁর গাড়িচালক ইব্রাহীমকেও তুলে নেওয়া হয়। পরে তাঁদের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে।
আজ সোমবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনের ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। রায় শুনতে আদালতে হাজির হন ইব্রাহীমের স্ত্রী রহিমা।
রহিমা আদালত চত্বরে প্রথম আলোকে বলেন, তাঁর তিন মেয়ে ও দুই ছেলে। স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে পারছিলেন না। কোনো উপায় না পেয়ে মেয়ে তিনটিকে সোনারগাঁর একটি এতিমখানায় দিয়েছেন। তিনি বাবার বাড়ি থেকে সাহায্য নিয়ে কোনো রকম বেঁচে আছেন।
ইব্রাহীমের এক মেয়ের নাম মারিয়া। সে-ও এসেছিল আদালতে। মারিয়া বলল, বাবা খুন হওয়ার পর অনেক কষ্টে আছে তারা। অপর দুই বোন সীমা ও মার্জিয়া খাতুন বলল, বাবাকে হারিয়ে আজ আমরা এতিম। এখন থাকি এতিমখানায়। সেখানে লেখাপড়া করছি।
রায় শুনতে আদালতে আসেন ইব্রাহীমের বাবা আবদুল ওহাব ও মা নূরজাহান। নূরজাহান বললেন, ‘আমরা গরিব মানুষ। ছেলে মারা যাওয়ার পর দিন চলে না। অনেক সময় না খেয়ে থাকতে হয়।
ওহাব বললেন, ‘আমার ছেলে চন্দন সরকারের গাড়ি চালাত। কোনো অপরাধ করেনি। অথচ তাঁকেও ওরা মেরে ফেলল। ওর মৃত্যুর পর আমরা পথে বসে গেছি। আমি বৃদ্ধ মানুষ। কাজ-কাম ঠিকমতো করতে পারি না। আমি এখন সংসার চালাচ্ছি। নাতনিদের দিয়েছি এতিমখানায়।’
ইব্রাহীমের স্ত্রী রহিমা বললেন, ‘কারও জীবন যেন আমার মতো না হয়। পাঁচটা ফুটফুটে বাচ্চা রেখে গেছেন স্বামী। তাদের মুখে এখন দুই বেলা অন্ন জুটাতে পারি না। ছোট ছেলেটির মুখের দিকে তাকালে কান্না আসে।’