এতিমখানায় ৩০ শিশু

সাত বছরের মীনা নিজেকে অনেকটাই খাপ খাইয়ে নিয়েছে। বেশ চটপটে। মুখে সারাক্ষণ কথার খই ফুটছে। তবে বাবা-মায়ের প্রসঙ্গ আসতেই একেবারে চুপসে যায়। মাথা নিচু করে রইল অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে বলল, ‘আমার মা আমারে বুকে নিত, ঘুম পাড়াইয়া দিত, আদর করত। বাবাও অনেক আদর করত।’
ততক্ষণে সেখানে নেমে এসেছে রাজ্যের নীরবতা। মিনু, তানজিনা, সোনিয়াসহ অনেকের মুখেই কোনো কথা নেই।
রানা প্লাজা ধসে মীনার বাবা-মা মারা গেছেন। এখন পর্যন্ত বাবার খোঁজ মেলেনি। সোনিয়াসহ অন্যদেরও কারও বাবা মারা গেছেন, কারও বা মা। কয়েকজনের বাবা বা মা গুরুতর আহত। তাই সন্তানকে এতিমখানায় দিতে বাধ্য হয়েছেন।
মীনা, সোনিয়ারা এখন আছে সাভারের নবীনগরের পাথালিয়া এলাকায় আঞ্জুমান মুফিদুল ইসলাম পরিচালিত আঞ্জুমান আজিজুল ইসলাম বালিকা হোম নামের এতিমখানায়। বিভিন্ন বয়সের ১৬ জন মেয়েশিশু এখানেই বেড়ে উঠছে।
বৃদ্ধাশ্রম হওয়ার কথা থাকলেও রানা প্লাজায় আহত-নিহত শ্রমিকদের সন্তানদের কথা চিন্তা করেই সাভারের এই এতিমখানাটির জন্ম। এখানে ২০টি শিশুর থাকার ব্যবস্থা আছে। গত ফেব্রুয়ারি থেকে এখানে আহত-নিহত শ্রমিকদের শুধু মেয়েসন্তানদের রাখা হচ্ছে।
এ ছাড়া, চট্টগ্রামের বেলপাড়া, দক্ষিণ পতেঙ্গায় ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে অরকা হোমস নামক
আরেকটি এতিমখানায় মোট ৩৩টি শিশুর মধ্যে রানা প্লাজার শ্রমিকদের ছেলেসন্তান আছে ১৪ জন। দুই প্রতিষ্ঠানে তারা ১৮ বছর বয়স পর্যন্ত পড়াশোনা, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ পাবে। পোশাকমালিকদের সংগঠন
বিজিএমইএ এই শিশুদের খুঁজে আনার দায়িত্ব পালন করেছে। তবে এখন পর্যন্ত এ দুই সংস্থার সঙ্গে বিজিএমইএর কোনো চুক্তি হয়নি।
হোমের সোনিয়া জানাল, তার মা ভবনধসে গুরুতর আহত হন। তার বড় ভাই অরকা হোমে বড় হচ্ছে। পাপিয়ার সঙ্গে কথা হচ্ছিল।
তখন পাশ থেকে আরেকজন নিজে থেকেই বলে, ‘আমি ওর বোন।’ জানা গেল, পাপিয়ার মা ভবনধসে মারা গেছেন। মায়ের সঙ্গে এক বোন কাজ করত। সে এখন হাঁটতে পারে না। সাভারে সিআরপিতে চিকিৎসাধীন। পাপিয়ার দুই ভাইয়ের জায়গা হয়েছে অরকা হোমে।
আবদুল বারেকের স্ত্রী ভবনধসে মারা গেছেন। চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি। অবশেষে তিনি ছেলেকে চট্টগ্রামের হোমে দিয়েছেন বলে জানালেন। সাভারে লন্ড্রিতে কাজ করা আবদুল বারেক প্রথম আলোকে বলেন, ‘ছেলের সঙ্গে ফোনে কথা হয়। বলে তো ভালোই আছে। রানা প্লাজা দুর্ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে ছেলে ঢাকায় আসবে। তখন দেখা হবে।’