এতিমদের চালে নেতারভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় দুস্থ শিক্ষার্থীদের খাবারের চালে জাসদের স্থানীয় এক নেতা ভাগ বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বরাদ্দ পাওয়া চাল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়ার কথা। তা না করে ওই নেতা নিজে চাল বেচে কম টাকা প্রতিষ্ঠানপ্রধানদের হাতে ধরিয়ে দিয়েছেন।

অভিযুক্ত ওই নেতার নাম আহম্মদ আলী। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২ মে উপজেলার ২০টি মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং ও এতিমাখানার দুস্থ ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য তথ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ হাসানুল হক ইনুর বিশেষ সুপারিশে জেলা প্রশাসক ১০০ টন চাল বরাদ্দ দেন। প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়। একটি প্রতিষ্ঠানের ঠিকানা ভুল থাকায় পাঁচ টন চাল ফেরত পাঠানো হয়। পিআইও কার্যালয়ের এক কর্মচারী জানান, বরাদ্দকৃত প্রতি টন চাল ২১-২২ হাজার টাকায় বিক্রি করলেও প্রতিষ্ঠানকে ওই নেতা টনপ্রতি ১৬ হাজার টাকার সামান্য কিছু বেশি দিয়েছেন। এ নিয়ে কয়েকটি মাদ্রাসার প্রধান ক্ষোভ প্রকাশ করেছেন।

তাতীবন্দ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শাকিরুল ইসলাম জানান, তিনি কোনো চাল পাননি। আহমঞ্চদ আলী তাঁকে নগদ ৮৪ হাজার টাকা দিয়েছেন। এ টাকা তিনি ব্যাংকে রেখেছেন।

পোড়াদহ ইউপির চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস জানান, তাঁর এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চাল পেয়েছে। বাকিরা ৮৪ হাজার টাকা করে পেয়েছে।

ধুবাইল ইউনিয়নের সিংপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি এম এ খালেক বলেন, তিনি চাল পাননি, ৮৪ হাজার টাকা পেয়েছেন। কাকিলাদহ ইসমাইল হোসেন মল্লিক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি সমশের আলী মল্লিক বলেন, ‘চাল পেয়েছি।’ চাল কোথায় রেখেছেন জানতে চাইলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান জানান, চাল খাওয়া ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করার বিধান নেই। বেশ কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় কথা বলে জানতে পেরেছেন, স্থানীয় এক নেতা চালের পরিবর্তে টাকা দিয়েছেন। জানতে চাইলে আহমঞ্চদ আলী বলেন, ‘আমি নিজে চাল বিক্রি করে প্রতিটি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা করে দিয়েছি।’ চাল বিক্রি করে টাকা দেওয়ার বিধান আছে কি-না জানতে চাইলে তিনি রেগে যান।

জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন জানান, এতিমদের চাল বিক্রি করা একটি অপরাধ। আহমঞ্চদ আলী এমন কাজ যদি করে থাকেন তাহলে অন্যায় করেছেন।