এতিমদের জন্য আনা দুম্বার মাংস লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা থেকে ১৫০ কার্টন দুম্বার মাংস লুটের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলা পরিষদ থেকে ওই মাংস লুট করে দুর্বৃত্তরা। অনেকক্ষণ অপেক্ষা করে মাংস না পেয়ে এতিম শিশুরা রাতে ফিরে যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, বাগমারার এতিমদের মধ্যে বিতরণের জন্য ১৫০ কার্টন দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়। এ জন্য পিআইওর কার্যালয় উপজেলার এতিমখানা (শিশুসদন) ও হাফেজিয়া মাদ্রাসার তালিকা করে। এরপর মাংস নেওয়ার জন্য তালিকাভুক্ত ওই সব এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিশুদের ডাকা হয়। সে অনুযায়ী সোমবার সকালে এতিম শিশুরা উপজেলা পরিষদ কার্যালয়ে আসে।
সন্ধ্যার পর রাজশাহী শহর থেকে মাংসভর্তি পিকআপ উপজেলা পরিষদে পৌঁছায়। উপজেলা প্রশাসন তালিকা ধরে পুলিশের পাহারায় মাংস বিতরণের উদ্যোগ নিলে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালিয়ে মাংসের কার্টন লুট করে নিয়ে যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের অফিস সহকারী তোয়াজ আলী বলেন, তাঁদের ধাক্কা মেরে ফেলে দিয়ে মাংসের কার্টন লুট করে নেওয়া হয়েছে। এ সময় তিনিসহ তাঁর দপ্তরের কয়েকজন সামান্য আহত হন। পরে মাংস না পেয়ে শিশুরা রাতে ফিরে যায়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ইসলামী ব্যাংক তাদের তত্ত্বাবধানে এসব মাংস উপজেলা পর্যায়ে পাঠিয়ে থাকে। বাগমারায় এই মাংস লুটপাট হয়ে থাকলে তাঁর করার কিছুই নেই।
ইউএনও তরিকুল ইসলাম বলেন, ‘আমরা লুটপাট ঠেকানোর চেষ্টা করেছি।’