এতিমদের টাকা আত্মসাৎ !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘর নেই, নেই কোনো এতিম শিশু। অথচ নাম এতিমখানা। সাইনবোর্ড-সর্বস্ব এমন এতিমখানার সংখ্যাই নড়াইলে বেশি। পাশাপাশি এমন কয়েকটি এতিমখানাও রয়েছে, যেগুলো বাড়তি অনুদান পেতে কাগজে-কলমে কয়েকগুণ বেশি এতিম শিশু দেখায়। জেলায় ৬৪টি এতিমখানার মধ্যে ৪৬টি বছরে ৮৫ লাখ টাকা সরকারি অনুদান পায়, যার প্রায় পুরোটাই এতিমখানা কর্তৃপক্ষ আত্মসাৎ করে বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের যাদবপুর গ্রামে দেখা গেছে, যাদবপুর ওয়াজেদিয়া বালিকা এতিমখানার একটি সাইনবোর্ড ঝুলছে; তাও এতিমখানার তত্ত্বাবধায়ক (সুপার) মাওলানা আবদুল কুদ্দুসের বৈঠকখানায়। ঘরে তিনটি চৌকি থাকলেও সেখানে কোনো বিছানা, বইপত্র এমনকি কোনো এতিমকে দেখা যায়নি। অথচ সরকারি কোষাগার থেকে ১২ জন এতিমের নামে ছয় মাসে ৫০ হাজার ৪০০ টাকা বরাদ্দ দেওয়া হয়ে থাকে এখানে। এতিমখানার তত্ত্বাবধায়ককে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী রহিমা বেগম দাবি করেন, ‘মেয়েরা বাইরে খেলতে গেছে।’পাশেই যাদবপুর মাদ্রাসা ও মাজেদিয়া এতিমখানা। জানা যায়, ১৯৮৬ সালে স্থাপিত এই এতিমখানাটি ১৯৯১ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে। এখানে ৩৬ জন এতিম শিশুর নামে ছয় মাস অন্তর অন্তর সরকারি কোষাগার থেকে এক লাখ ৫০ হাজার ১২০ টাকা উত্তোলন করা হয়। প্রতিবেশীরা জানান, এখানে ১০ থেকে ১৫টি শিশু থাকে। তারা নিজ উদ্যোগে গ্রামের বিভিন্ন বাসাবাড়িতে লজিং থাকে। মাদ্রাসার ছাত্র মো. জসিম উদ্দীন জানায়, এতিমখানায় তিনবেলা কোনো খাবার দেওয়া হয় না। যাদবপুর গ্রামের কারিমুল মোল্যার বাড়িতে সে লজিং থাকে। তার মতো অনেকে এভাবে লজিং থাকে। এ ব্যাপারে যাদবপুর মাদ্রাসা ও মাজেদিয়া এতিমখানার তত্ত্বাবধায়ক জাকারিয়া হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। কালিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসিতকুমার সাহা বলেন, ‘পরিদর্শনে গেলে সরকারি বরাদ্দ অনুযায়ী এতিম শিশু দেখানো হয়।’অনুসন্ধানে জানা গেছে, নড়াইল পৌরসভার বরাশুলা শিশুসদন কমপ্লেক্সে ১৬৭ জন এতিমের নামে ছয় মাস অন্তর সাত লাখ ১৪ হাজার টাকা উত্তোলন করা হয়। নাম প্রকাশ না করার শর্তে এতিমখানার সাবেক ও বর্তমান পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য জানান, কাগজে-কলমে এখানে ১৬৭ জন এতিমের নামে টাকা উত্তোলন করা হয়। বাস্তবে এখানে ৪০-৫০ জন এতিম এবং আটজন শিক্ষক-কর্মচারী থাকেন।জানতে চাইলে এতিমখানার পরিচালক মো. ইসমাইল মোল্লা বলেন, ‘সরকারি বরাদ্দ পাওয়ার জন্য এতিমখানার নামে ৩৫০ জন এতিম ও দুস্থের তালিকা জেলা সমাজকল্যাণ কার্যালয়ে জমা দিতে হয়। এর আলোকে অনেক ক্ষেত্রে সরকারি বরাদ্দ অর্ধেকরও কম সংখ্যক এতিমের নামে দেওয়া হয়, যা দিয়ে এতিমদের ভরণপোষণসহ যাবতীয় ব্যয় মেটানো সম্ভব হয় না।’ তিনি দাবি করেন, এখানে ৩৫০ জন এতিম থাকে।বরাশুলা শিশুসদন কমপ্লেক্সের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রকিবুল বারী বলেন, পরিচালক ইসমাইল মোল্যার বিরুদ্ধে এন্তার অভিযোগ রয়েছে। পরিচালককে সংশোধন হওয়ার জন্য একাধিকবার বলা হয়েছে। কিন্তু তিনি সচেতন হননি।লোহাগড়া উপজেলার কালনা চরকরফা হাসানুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় ১৫ জন এতিমের নামে ছয় মাস অন্তর ৬৩ হাজার টাকা উত্তোলন করা হয়। সরেজমিনে দেখা গেছে, এতিমখানার সামনের নলকূপে তিনজন শিশু কাপড় ধুচ্ছে। তারা জানায়, এতিমখানায় স্থায়ী কোনো তত্ত্বাবধায়ক নেই। দুজন শিক্ষক তাদের ক্লাস নেন। গোপালগঞ্জ জেলার চন্দ্র দিঘলিয়া মাদ্রাসার অধ্যক্ষ বর্তমানে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। তিনি মাসে এক দিন এখানে আসেন। ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল্লাহ ছাহেব দাবি করেন, এতিমখানায় বর্তমানে ২৫টি শিশু রয়েছে।লোহাগড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজ উদ্দীন বলেন, প্রতিটি এতিমখানার সঙ্গে মাদ্রাসা যুক্ত করায় সুপাররা কৌশলে এ কাজ করে থাকেন।নড়াইল সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে পৃথকভাবে এতিমখানা তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে এতিমখানাগুলোর সরকারি বরাদ্দ দেওয়া হয়ে থাকে। জেলায় ৬৪টি এতিমখানা রয়েছে। এর মধ্যে সরকারি সহায়তা পাওয়া এতিমখানার সংখ্যা ৪৬টি। এর ১৪টি সদর উপজেলায়, ১৭টি লোহাগড়ায় এবং ১৫টি কালিয়া উপজেলায় অবস্থিত। হিসাব অনুযায়ী, জেলায় মোট এক হাজার ১৪ জন এতিম রয়েছে। তত্ত্বাবধায়কেরা বছরে ছয় মাস অন্তর সরকারি কোষাগার থেকে মোট ৪২ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা করে বছরে মোট ৮৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা উত্তোলন করেন।জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মাহামুদ হোসেন প্রথম আলোকে বলেন, ইউএনও এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার সুপারিশ অনুযায়ী এতিমখানাগুলো অনুদান পেয়ে থাকে। বর্তমানে জেলায় ৪৬টি এতিমখানা সরকারি বরাদ্দ পায়। এতিম শিশুদের খাবার, শিক্ষা, পোশাকসহ অন্যান্য খরচ বাবদ মাসে জনপ্রতি ৭০০ টাকা দেওয়া হয়।জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কোনো এতিমখানার বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলায় নতুন করে আর কোনো এতিমখানার অনুমোদন দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।