এতিমদের নিয়ে ইফতার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সহযোগিতায় গত চার দিনে ঢাকাসহ দেশের ১১টি স্থানে ১২৭৫ জন এতিমের জন্য ইফতারের আয়োজন করা হয়। এসব আয়োজনে স্থানীয় গণম্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার ঢাকার আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানায় ৩০০, গোপীবাগ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১০০, মিরপুরের আল আমিন ইসলামিয়া মাদ্রাসায় ১২০ এবং যাত্রাবাড়ীর হ্যাপি হোমসে ১০০ জন এতিমকে ইফতার করানো হয়।
শুক্রবার চট্টগ্রামের গাউছিয়া তৈয়্যবিয়া হেফজখানা ও শাহ আমানত (রহ.) এতিমখানার শতাধিক ছাত্র ও শিক্ষকের জন্য ইফতার ও রাতের খাবার সরবরাহ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম বন্ধুসভা। একই দিন ঝিনাইদহের কালিকাপুর মাদ্রাসায় এতিম শিশু, মাদ্রাসার ছাত্র, স্থানীয় সুধীজন মিলিয়ে ৪৫ জন ইফতার মাহফিলে অংশ নেন। এরপর মাগরিবের নামাজ শেষে রাতের খাবার পরিবেশন করা হয়। গতকাল শনিবার ইফতার ও খাবার পরিবেশন করা হয় সদর উপজেলা পরিষদ মাদ্রাসায়। সেখানে ৭০ জন এতিম শিশু অংশ নেয়।
বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর এতিমখানায় ইফতার, সেহ্রি ও রাতের খাবার পরিবেশন করা হয়। শনিবার রাতে বিরামপুর পৌর শহরের দারুস সুন্নাহ্ সেরাতুল কোরআন এতিমখানায় ৪০ জন এতিম শিশু এবং ১০ জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের রাতের খাবার ও সেহ্রির ব্যবস্থা করা হয়।
বুধবার কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বায়তুশশরফ জব্বারিয়া এতিমখানার শতাধিক ছাত্র-শিক্ষক এবং মসজিদে এতেকাফে বসা মুসল্লিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল হয়। মসজিদের খতিব মাওলানা তাহেরুল ইসলামের সভাপতিত্বে ওই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বায়তুশশরফ কমপ্লেক্সের মহাপরিচালক মো. সিরাজুল ইসলাম।
শনিবার সিলেট নগরের বাগবাড়ি এলাকার সরকারি শিশু পরিবারের (ছেলে) ১৭০ জন এতিমসহ ১৮০ জনের জন্য ইফতারের আয়োজন করা হয়। এতে বাগবাড়ি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। একই দিন বরগুনা সদরের গৌরিচন্না ইউনিয়নের কালাইমুদাফাৎ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং খাজুরতলা ইব্রাহিমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১১০ জন এতিম শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সেমাই, চিনি ও দুধ বিতরণ: কুড়িগ্রামে প্রথম আলো চরসহ আশপাশের দুটি চরে ৫০০ পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে চিনি, সেমাই ও দুধ বিতরণ করা হয়। শুক্রবার প্রথম আলো ট্রাস্টের সহায়তায় বন্ধুসভার সদস্যরা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় কুড়িগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক আবদুল লতিফ, প্রথম আলো চর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, শিক্ষক রানা সরকার, আফরোজা বেগম, আকলিমা বেগম, মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল, ফজলার রহমান, সাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।