এতিমদের পাশে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনাথ ও এতিম শিশু-কিশোরদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গতকাল বুধবার চট্টগ্রামে পালিত হয়েছে ‘এতিম দিবস’। এসব আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, এতিমখানায় খাবার ও পোশাক বিতরণ ও আলোচনা সভা। ‘ওয়ার্ল্ড অরফান সেন্টার’-এর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামের ২০টি এতিমখানায় খাবার ও বস্ত্র উপকরণ বিতরণ করেছে সংগঠনটি। আবুল খায়ের স্টিল মিলস লিমিটেডের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ওয়ার্ল্ড অরফান সেন্টার। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এতিম বা অনাথরা আমাদের কারও না কারও সন্তান। তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা নিশ্চিত করার জন্য সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি বিত্তবানদের কার্যকর ভূমিকা রাখতে হবে।’
সভায় বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আমান উল্লাহ, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ প্রমুখ।
দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আমান উল্লাহ বলেন, ২০১৪ সালের ২০ এপ্রিল বিশ্ব এতিম দিবস ঘোষণা করে সংগঠনটি। এরপর থেকে ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও বিশ্বের অনেক দেশে দিবসটি পালন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংগঠনের চট্টগ্রামের সমন্বয়ক আইয়ুব খান প্রথম আলোকে বলেন, প্রতিবছর ২০ এপ্রিল ‘এতিম দিবস’ হিসেবে পালনের জন্য জাতিসংঘের কাছে আবেদন করা হয়েছে।