এতিমদের মাঝে প্রথম আলোর ইফতারি বিতরণ

রাজধানীর তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানার শিশুদের মধ্যে গতকাল মঙ্গলবার ইফতারি বিতরণ করেছে প্রথম আলো। গতকাল ইফতারের কিছু সময় আগে প্রথম আলোর প্রশাসন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে ইফতারির প্যাকেট তুলে দেন।
মাদ্রাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাদের এতিমখানায় ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে এগারো শ। ইফতারের পর ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম আলোর পক্ষ থেকে তেহারিও বিতরণ করা হয়।
ইফতারের আগে ছাত্রছাত্রীরা দোয়া মাহফিলে অংশ নেয়। এটি পরিচালনা করেন সংশ্লিষ্ট মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মো. তাজুল আলম। এ সময় শিশু ইয়াসমীন আক্তার গজল পরিবেশন করে।
এতিমখানাটিতে ইফতারসামগ্রী বিতরণের সময় প্রথম আলোর প্রশাসন বিভাগের প্রধান শেখ জামাল আখতার, জ্যেষ্ঠ নির্বাহী এ বি এম খায়রুল কবির, প্রশাসনিক সহযোগী শামসুন নাহার এবং মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রথম আলো কর্তৃপক্ষ গত ২৮ জুন কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানার ছাত্রছাত্রীদের মধ্যে ইফতারি বিতরণ করে।