এতিমদের মাঝে প্রথম আলোর ইফতারি বিতরণ
রাজধানীর কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানার আড়াই শ শিশুর মধ্যে আজ মঙ্গলবার ইফতারি বিতরণ করেছে প্রথম আলো। ইফতারের কিছু সময় আগে প্রথম আলোর প্রশাসন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের হাতে ইফতারির প্যাকেট তুলে দেন। ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, খেজুর, জিলাপি, ফলের শরবত দেওয়া হয়। এতিমখানার শিশুদের মধ্যে প্রথম আলোর পক্ষ থেকে তেহারিও বিতরণ করা হয়।
ইফতারের আগে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন জামিয়া আম্বর শাহ আল-ইসলামিয়া ও এতিমখানার সুপারভাইজার মাওলানা মো. নুরুল হক। এরপর মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং প্রথম আলোর কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।
অনুষ্ঠানে জামিয়া আম্বর শাহ আল-ইসলামিয়া ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ খাইরুল্লাহ, শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা ফয়েজুর রহমান, প্রথম আলো ইংরেজি বিভাগের প্রধান মো. খাজা মাঈন উদ্দিন, প্রথম আলোর মহাব্যবস্থাপক (অর্থ) মোহাম্মদ জসিম উদ্দিন, নিরাপত্তা ব্যবস্থাপক মো. সাজ্জাদুল কবির, জ্যেষ্ঠ নির্বাহী এ বি এম খায়রুল কবির, সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. এজাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। গত বছরও প্রথম আলো এ আয়োজন করেছিল।