এত্ত অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী মো. ইলিয়াস হোসেন ওরফে সবুজের বিরুদ্ধে গুরুতর নানা অভিযোগ পাওয়া গেছে। জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সহপাঠীদের উত্ত্যক্ত করা, শিক্ষকদের লাঞ্ছিত করা, ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থেকে ক্যাম্পাসে সংঘর্ষে লিপ্ত হওয়া এবং ছাত্রলীগে যোগদান করে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের ওপর অযাচিত খবরদারি করাসহ নানান অভিযোগ পাওয়া গেছে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে। সর্বশেষ সোমবার বিকেলে তিনি নিজ বিভাগের শিক্ষকের বাসায় গিয়ে সন্ত্রাসী হামলা চালান বলে অভিযোগ উঠেছে। বুধবার সরেজমিনে বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, ইলিয়াসের গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বদরপুর গ্রামে। উচ্চমাধ্যমিকে পড়া অবস্থায় তিনি ছাত্রদলে যোগ দেন। সদর দক্ষিণ উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম শুরু হলে ইলিয়াস বিএনপির নেতা-কর্মীদের শরণাপন্ন হন। তখন তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ‘ব্যবসায় শিক্ষা’ অনুষদে ভর্তি পরীক্ষা দেন। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হননি। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে খেলোয়াড় কোটায় ভর্তি করা হয়। ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও ইলিয়াসকে ভর্তি নীতিমালা লঙ্ঘন করে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগে ভর্তি করানো হয়। ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের নানা অনিয়ম নিয়ে তদন্ত করতে এলে ইলিয়াসের ভর্তি-প্রক্রিয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর নানা কারণে সেটি ধামাচাপা পড়ে যায়। ইলিয়াস ওই সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ওই সময় ক্যাম্পাসে সংঘটিত নানা সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ইলিয়াস ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। শিক্ষার্থীরা জানান, ইলিয়াস তাঁর সহপাঠী এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষকের ছোট বোন। এ ব্যাপারে ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকের মধ্যস্থতায় ইলিয়াস ওই ছাত্রীকে আর উত্ত্যক্ত করবেন না বলে মুচলেকা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ইলিয়াসের হাতে তুচ্ছ কারণে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও কবি নজরুল হলের প্রাধ্যক্ষ জি এম মনিরুজ্জামান লাঞ্ছিত হন। ইলিয়াস শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্র হওয়া সত্ত্বেও ছাত্রলীগের প্রভাব খাটিয়ে ওই শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করেন। গত বছর জুলাই মাসে নৃ-বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর হয়ে ওই বিভাগের প্রভাষক শামীমা নাসরিনকে শাসিয়েছেন ইলিয়াস। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বাসে বসা কেন্দ্র করে বা তুচ্ছ কারণে শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন ইলিয়াস। লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. মশিউর রহমান বলেন, ‘ইলিয়াসের সন্ত্রাসী তৎপরতার কারণে স্ত্রী, ছোট্ট মেয়ে ও একমাত্র বোনকে নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। তাঁর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় জিডি করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিচার চেয়েছি।’এত্ত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মো. ইলিয়াস হোসেন গত বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষা দিয়েছি। কিন্তু ভর্তি হয়েছি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগে। আগে ছাত্রদল করলেও এখন ছাত্রলীগ করি। শিক্ষকের বোনকে উত্ত্যক্ত করার কারণে মুচলেকা দিয়েছি। শিক্ষকদের সঙ্গেও বিভিন্ন সময় খারাপ ব্যবহার করেছি। সবকিছু ভুলে গিয়ে এখন ভালো হতে চাই।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান বলেন, ‘ইলিয়াসের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার ভর্তি-প্রক্রিয়ার বিষয়টিও খতিয়ে দেখছি।’